২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো কর্মচঞ্চল রাজধানী

টানা চার দিনের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকা আবারো কর্মচঞ্চল হয়ে উঠেছে। রাজপথে নেমেছে হাজার হাজার যানবাহন। অবরুদ্ধ ঢাকার প্রবেশে পথগুলো থেকেও সরে গেছে অবরোধকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 10:42 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ সরে যেতে রাজি হওয়ার পর বুধবার রাত থেকে পাল্টে যায় অবরোধকারীদের প্রতিবাদের ধরন। বৃহস্পতিবার শেষদিনের অবরোধ পালিত হয় অন্যান্য দিনের তুলনায় ভিন্ন আমেজে। ক্ষুব্ধ ও জ্বালাময়ী ভাষার পরিবর্তে রসালো, চটুল আর লোক সঙ্গীতই হয়ে ওঠে কর্মসূচির প্রধান অঙ্গ।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার লাগাতার অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণার পর মহাসড়ক, রেলপথ ও জলপথ উন্মূক্ত হয়ে যায়। শুরু হয় দূরপাল্লার যানবাহন চলাচল। সন্ধ্যার পর থেকেই গাবতলি, সায়েদাবাদ, মহাখালি ও নয়াবাজার আবার কর্মব্যস্ত হয়ে ওঠে। বাসের টিকিটের জন্য ছোটাছুটি করতে দেখা যায় লোকজনকে । ভিড় জমে যায় কমলাপুর রেল স্টেশন ও দেশের বৃহত্তম সদরঘাট লঞ্চ টার্মিনালেও।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বুধবার রাতের ভাষণের পর থেকেই কেটে যেতে থাকে রাজনৈতিক অস্থিরতা। প্রাণ ফিরে পেতে শুরু করে রাজধানীও। বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে রাজপথে।

বৃহস্পতিবার সারা দিনে দূরপাল্লার বাস, ট্রাক, লঞ্চ ও ট্রেনসহ ভারী যানবাহন চলাচল না করলেও রিকশার পাশাপাশি সিএনজিচালিত বেবিট্যাক্সি, মাইক্রোবাস, মিনিবাস চলাচল ছিল আগের তিন দিনের চেয়ে অনেক বেশি। চলাচল করতে দেখা যায় সামান্য কিছু গাড়িও।

চট্টগ্রাম বন্দরে সকাল থেকেই ফিরে আসতে শুরু করে কর্মচাঞ্চল্য। আর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পুরোপুরি চালু হয়ে যায় বন্দর। তবে চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এখনো সচল হয়নি।

সারাদেশের কোথাও বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও অবরোধকারীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাথর ও লোহার শিক বসিয়ে রেল লাইন অবরোধ করে রাখে।

বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কোয়ার, গুলিস্তান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে, রাসেল স্কোয়ার, সোবহানবাগ, লালবাগ, মিরপুর শাহ আলি মাজার এলাকা, মিরপুর ১২ নম্বর এলাকা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গান-বাজনা শুরু হয় সকাল থেকেই এবং তা চলে দিনভর।

প্রতিটি মঞ্চ ছিল একেকটি ‘ওপেন এয়ার কনসার্ট’। তাদের গানের ভাষায় প্রকাশ পায় বিজয়ের কথা।

এদিকে প্রতিবাদের ভাষা হিসেবে এবার গণসঙ্গীতের সঙ্গে যুক্ত হয়েছে বাউল আর লোক সঙ্গীত। বেশিরভাগ গানও গেয়েছেন বয়াতী আর বাউল শিল্পীরা।

অপরদিকে ১৪ দলের অবরোধের প্রতিবাদ এবং নির্বাচনী তফসিল ঘোষণা না করা পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট মুক্তাঙ্গণে অবস্থান অব্যহত রাখার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি সমাবেশ করে তারা ।

তবে এর আগে বেলা ১১ টার দিকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্মীরা এনটিভি ও আরটিভির সাংবাদিকদের লাঞ্ছিত করে। ধাওয়াও দেয় তারা এনটিভির সাংবাদিকদের।

তবে বিডিআরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য দায়িত্ব পালন করে গেছে যথারীতি।