২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার ক্ষতি কেউ করতে পারবে না: কাজী জাফর

জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ বলেছেন, বিজয় নগরে জাতীয় পার্টির মিছিলে বুধবারের হামলায় তাদের সংগঠন দুর্বল হয়ে পড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এতে তাদের সংগঠন আরও শক্তিশালী হয়েছে। জাতীয় পার্টিকে কোনও অপশক্তি হামলা চালিয়ে ক্ষতি করতে পারবে না।

বৃহস্পতিবার দলের এক বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।

জাফর আহমেদ রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, “জাতির উদ্দেশে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের দেওয়া ভাষণে অস্পষ্টতা রয়েছে। তিনি আরও দুজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার কথা বলেছেন, কিন্তু তাদের নাম উল্লেখ করেননি। তিনি প্রধান নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করেননি।”

দলের এই প্রবীণ নেতা সিইসি এমএ আজিজের বিদায়কে জনগণের একটি বিজয় হিসেবে উল্লেখ করেন।

জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, “জাতীয় পার্টি অন্য কারও নির্দেশনায় চলে না। দলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নির্বাচনী জোট গঠন করা হবে।”

পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, “জনগণ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।” বুধবার ছাত্রদল ও ছাত্র শিবিরের হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ভবিষ্যতে জাতীয় পার্টির কর্মীরা এ ধরনের হামলার সমুচিত জবাব দেবে।”

এতে পার্টির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা মহানগর ইউনিট সভাপতি সৈয়দ আবু হোসাইন বাবলাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।