অবরোধ প্রত্যাহার না করলে জনগণ নৌকা ডুবিয়ে দেবে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ১৪ দলকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেছেন, ‘‘দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে গণঅভ্যূত্থান ঘটাবে। আগামী নির্বাচনে জনগন নৌকাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেবে।’’
বৃস্পতিবার বিকেলে মুক্তাঙ্গনে নগর চার দল আয়োজিত এক সমাবেশে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি শুক্রবার সারাদেশে থানা-উপজেলা-জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
একই সঙ্গে তিনি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। মান্নান ভূঁইয়া তত্ত্বাবধায়ক সরকারকে কারো হুমকিতে ভয় না পেয়ে শক্ত হাতে দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
মুক্তাঙ্গন ও বঙ্গবন্ধু এভিনিউতে চার ও ১৪ দলের দু’টি সমাবেশ থাকায় এ এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিল উত্তেজনা ও উত্তাপ। জিরো পয়েন্ট সীমারেখায় কাঁটাতার বসিয়ে পুলিশ-বিডিআর অবস্থানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। সমাবেশে ব্যাপক উত্তেজনা থাকলেও কোনো অঘটন ঘটেনি। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়েছে।
মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন চায় না বলে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তাদের এই অবরোধ শ্রমিক,কৃষক ও সাধারণ মানুষের বিরুদ্ধে। তারা জনগনকে ঘরে বন্দী করতে এই কর্মসূচি দিয়েছে।
নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) মহাসচিব এ বি এম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল¬াহ আমান, নাসির উদ্দিন আহম্দে পিন্টু, আবদুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় জাসাস ও সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
