২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ কর্মসূচী স্থগিত করা হচ্ছে

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার অবরোধ টানা চারদিন পর শেষ হতে চলেছে বৃহস্পতিবার বিকেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে অবরোধ কর্মসূচী স্থগিত করবেন বলে জানা গেছে। এদিকে ২৭ নভেম্বর সোমবার বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচীর ঘোষণাও দেওয়া হবে এতে।

দুপুর সাড়ে তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ধানমণ্ডির সুধাসদনে ১৪ দলের এক জরুরি বৈঠক চলছিল। শেখ হাসিনা বিকাল ৫টায় ধানমন্ডিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

সুধাসদনে বেলা সাড়ে ১২টা থেকে ১৪ দলের জরুরি বৈঠকটি শুরু হয়। শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত আছেন আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, হাসানুল হক ইনু, পঙ্কজ ভট্টাচার্য, দীলিপ বড়ুয়া প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে রাশেদ খান মেননের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শেখ হাসিনার সংবাদ সম্মেলন থেকে অবরোধ কর্মসূচী স্থগিত ঘোষণা করা হবে। তিনি আরো জানান, ওই সম্মেলনে শেখ হাসিনা কি বলবেন তা এই বৈঠকে নির্ধারণ করা হচ্ছে।