জলিলের সঙ্গে ৬ মুসলিম দেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয়টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে গুলশানে তার বাসভবনে বৈঠক করেছেন। এ সময় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতদের কাছে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেন।
তুরস্কের রাষ্ট্রদূত ও ডিপ্লোমেটিক কোরের ডিন ফেরিক এর্গিনের নেতৃত্বে কূটনীতিকদের মধ্যে ছিলেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহদিয়াবাদি, মিশরের রাষ্ট্রদূত ইসমাইল আবেদ আল রহমান গনিন হোসাইন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আকমল গণি, পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর এবং ফিলিস্তিনের রাষ্টদূত সাহের আবিয়াদ।
তারা বিকাল ৫টা থেকে এক ঘণ্টারও বেশি সময় আবদুল জলিলের বাসভবনে অবস্থান করেন। গত পাঁচ বছরে জোট সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের ভিডিও তাদের দেখানো হয়।
বৈঠক শেষে ফেরিক এর্গিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের কথা হয়েছে। ১৪ দলের আন্দোলনের যৌক্তিকতাও তাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ হয়নি।
বৈঠকে আবদুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্যাহ ও ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার এশিয়ার ১৪ টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আবদুল জলিলের বাসভবনে আওয়ামী লীগের আরেকটি বৈঠক হবে বলে জানা গেছে।
