পটিয়ার হত্যাকাণ্ডে ২টি মামলা
পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জনসভাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিকেলে পটিয়ার সাবেক পৌর চেয়ারম্যান ও এলডিপি নেতা মোহাম্মদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি পটিয়ার সাবেক সাংসদ ও বিএনপি নেতা গাজী শাহজাহান জুয়েল ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল খালেদ বাবুলকে আসামী করেন।
এর আগে পুলিশ বাদী হয়ে দুই দলের কাউকে আসামী না করে জিপ চালক ও মালিকের বিরুদ্ধেসংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে।
মঙ্গলবার বিএনপি ও এলডিপির মধ্যে সংঘর্ষ চলাকালে জিপের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়। দুদলই নিহতদের নিজেদের কর্মী বলে দাবি করে।
এদিকে উভয় দলই এ ঘটনায় পরস্পরকে দায়ী করে বুধবার সকালে পটিয়া উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে।
