রাষ্ট্রদ্রোহের জন্য ইয়াজউদ্দিনের বিচার হবে: ড. কামাল
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান লংঘন করে তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ দখল করায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার হবে।
অবরোধের তৃতীয় দিনে রাজধানীর কদম ফোয়ারা চত্তরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
অবরোধের সমর্থনে ১৪ দল সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করায় তৃতীয় দিনের মতো বুধবারও সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে কোন বিচারকাজ চলেনি।
সকাল সাড়ে ১০টায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিবের নেতৃত্বে আইনজীবীরা একটি মিছিল নিয়ে সুপ্রীমকোর্ট প্রাঙ্গন ঘুরে মৎস্য ভবন মোড় হয়ে ১১ টায় কদম ফোয়ারা চত্তরে সমাবেশ করেন। দুপুরে দেড় ঘন্টা বিরতি দিয়ে সাড়ে ৫টা পর্যন্ত চলা এ সমাবেশে আইনজীবীরা গণসঙ্গীত পরিবেশন করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদূর রাজ্জাক, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলামসহ নেতৃবৃন্দ।
ড. কামাল হোসেন বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সরকার অবৈধ সরকার। তিনি একের পর এক সংবিধান লংঘন করে চলেছেন। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা থাকলেও দলীয় লোক ইয়াজউদ্দিন সংবিধানের অপশন লংঘন করে তিন লাফ দিয়ে সিভিলিয়ান ক্যু করে প্রধান উপদেষ্টা হয়েছেন। তাই দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার হওয়া উচিত। তিনি রাষ্ট্রপতি থাকতে পারেন কিন্তু প্রধান উপদেষ্টা হতে পারেন না।
তিনি আরও বলেন, বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার পুত্র তারেক জিয়ার ওমরাহ করার সময় বাক্স পাচার হয়েছে। এতে কি ছিল খতিয়ে দেখা উচিত। রাষ্ট্রপতি যদি বিদায়ী সরকারের চাকর না হন তাহলে পাচার হওয়া এসব বাক্সে কি ছিল খতিয়ে দেখার আদেশ দিবেন।
