২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“সাময়িক কষ্ট স্বীকার করে নিতে হবে”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেছেন,বিএনপি-জামায়াত জোটের সৃষ্ট স্থায়ী দূর্ভোগের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য লাগাতার অবরোধের সাময়িক দূর্ভোগ-কষ্ট আমাদের স্বীকার করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তিনি দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে অবরোধের সাময়িক দূর্ভোগ ও কষ্ট স্বীকার করে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে আন্দোলনে অংশ গ্রহণ করার আহ্বান জানান।

অবরোধ চলাকালে রাজধানীর পল্টন মোড়ে জাতীয় পার্টির শান্তিপূর্ণ মিছিলে জামায়াত শিবিরের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের উদ্দেশ্যে সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে কোন বিশেষ শক্তি বা গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে ব্যবহৃত না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ১১ দফা করণীয় প্রস্তাব নিয়ে অহেতুক সময়ক্ষেপন করে দেশকে দীর্ঘ স্থায়ী সংকট ও অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

বাধা বিপত্তি উপেক্ষা করে লাগাতর অবরোধ কর্মসূচী সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন পূনর্গঠনসহ ১৪ দলের ১১ দফা করনীয় প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচী অব্যাহত থাকবে।