“অনাবশ্যক বদলি বন্ধ করুন”
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া প্রশাসনে “অনাবশ্যক” বদলি বন্ধ ও উদ্ভূত পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গভবনে মঙ্গলবার রাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে প্রায় দুই ঘন্টার আলোচনায় বিএনপি মহাসচিব সার্বিক পরিস্থিতিতে দলের অবস্থান ব্যাখ্যা করেন।
আলোচনা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “রাষ্ট্রপতিকে বলেছি তিনি যেন আইনশৃঙ্খলার উন্নয়নে ব্যবস্থা নেন। যা কিছু করবেন তা যেন সংবিধান অনুযায়ীই করেন।”
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে মাত্র এক মিনিট কথা বলেই তিনি চলে যান। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের পর খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িতে বৈঠক শেষে মান্নান ভূঁইয়া বঙ্গভবনে যান।
আজিজ পদত্যাগ করবেন না ছুটিতে যাবেন তা নিয়ে দিনভর গুঞ্জনের প্রেক্ষাপটে রাতে রাষ্ট্রপতির সঙ্গে মান্নান ভূঁইয়া সাক্ষাৎ করেন।
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মান্নান ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের আলোচিত ছুটি, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে কথা বলেন।
