২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আ’লীগ-৪ দল সংঘষর্, আহত ২০

গাজীপুর শহরে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও ৪ দলীয় জোটের কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। শহরে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪ দলের অবরোধ কর্মসূচির প্রতিবাদে সন্ধ্যায় ৪ দলীয় জোটের একটি মিছিল রাজবাড়ি সড়কের পাশে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগান দেয়া হয়। এ সময় কে বা কারা মিছিলের পেছন দিকে ঢিল ছুড়লে উত্তেজনার সৃষ্টি হয়।

৪ দলের কর্মী সমর্থকরা এ সময় হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে রাখা চেয়ার ভাংচুর করে। হামলার মুখে আওয়ামী লীগ কর্মীরা পিছু হটলেও কিছুক্ষণের মধ্যে সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়। এ সময় রাজবাড়ি সড়কে মাত্র ৩শ’ গজের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দু’পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্বল্প সংখ্যক পুলিশ তাদের মধ্যে অবস্থান নিয়ে সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হয়। পরে দাঙ্গা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে ও ১৫ রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন আহত হয়। ইটের আঘাতে আহত দারোগা সুভাষ চন্দ্র দাশ (৫০), মো. জামিল (১৯), শান্ত (২৬), আলাউদ্দিন (৬৫), শরাফত (৩২), মো শহিদ (৩৫), আ. করিম (৩২) ও ইদ্রিসকে (৩৫) গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় ৪০ মিনিট স্থায়ী সংঘর্ষের সময় শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।