অবরোধে বিচ্ছিন্ন সহিংসতায় নিহত ২, আহত ২৪
১৪ দলের অবরোধ কর্মসূচি চলাকালে মঙ্গলবার দেশের কয়েকটি জেলা থেকে সহিংসতার খবর পাওয়া গেছে। চট্টগ্রামে এলডিপি সমর্থকদের বহনকারী একটি জিপ বিএনপির মিছিলে উঠে পড়লে নিহত হয় দু’জন। গাজীপুরে ৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়। এছাড়া নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।
প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: জেলার পটিয়ায় মঙ্গলবার স্থানীয় বিএনপি ও এলডিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি জিপের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়ার বিএনপি নেতা-কর্মীরা অলির সমাবেশ শুরুর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মইজ্জার টেকে একটি মিছিল বের করে। এ সময় সমাবেশে যোগ দিতে আসা অলির সমর্থকবাহী একটি জিপ বিএনপি কর্মীদের মিছিলের ওপর উঠে পড়লে শাহ আলম (২৫) ও নেছার (২৪) নামে দুই বিএনপি কর্মী গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় আবু ছামা নামে অপর এক বিএনপি কর্মী আহত হয়।
ঘটনার পর এলডিপি সভাপতি কর্নেল অলি বাধা ছাড়াই সমাবেশ শেষ করেন। কিন্তু মইজ্জার টেকের ঘটনার জের ধরে বিএনপি কর্মীরা বাদামতলী ও চৌমুহনী এলাকায় ব্যারিকেড দিলে উপজেলা পল্লী বিদ্যুত কার্যালয়ে তিনি দীর্ঘ সময় আটকা পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পাহারায় তিনি নগরীতে ফিরে আসেন।
এ ঘটনার জন্য পটিয়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল এলডিপিকে দায়ী করেন। তবে এলডিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহদাত হোসেন সেলিম দাবি করেন, তাদের দলেরই দুই সমর্থক গাড়ি চাপায় নিহত হয়েছে।
এদিকে নগরীর পাহাড়তলী অলংকার মোড়ে দুপুর পৌনে ২ টার দিকে এবং দেওয়ানহাট মোড়ে বিকেল ৪ টার দিকে ১৪ দল ও ৪ দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
গাজীপুর: মঙ্গলবার সন্ধ্যায় শহরে আওয়ামী লীগ ও ৪ দলীয় জোটের কর্মীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪ দলের অবরোধ কর্মসূচির প্রতিবাদে সন্ধ্যায় ৪ দলীয় জোটের একটি মিছিল রাজবাড়ি সড়কের পাশে আওয়ামী লীগ জেলা কার্যালয় সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগান দেয়া হয়। এ সময় কে বা কারা মিছিলের পেছন দিকে ঢিল ছুড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
৪ দলের কর্মী সমর্থকরা এ সময় হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে রাখা চেয়ার ভাংচুর করে। হামলার মুখে আওয়ামী লীগ কর্মীরা পিছু হটলেও কিছুক্ষণের মধ্যে সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এ সময় রাজবাড়ি সড়কে মাত্র ৩শ’ গজের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে দু’পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে ও ১৫ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ: মিছিল, সমাবেশ ও সংঘর্ষের মধ্য দিয়ে জেলায় ১৪ দলের অবরোধ কর্মসূচি পালিত হয়।
সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।
পঞ্চগড়: তৃতীয় দফা অবরোধ কর্মসুচির দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পঞ্চগড়-তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কে কোন ভারী যানবানহ চলাচল করেনি। তবে রিক্সা-ভ্যান মোটরসাইকেল চলাচল করেছে।
তেঁতুলিয়ায় ১৪ দলের নেতা-কর্মীরা তেঁতুলিয়া চৌরাস্তা মোড় অবরোধ করায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেয়া বন্ধ ছিল।
কিশোরগঞ্জ: অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জমুখী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিক খালীতে ২ ঘণ্টা ট্রেনটি আটক থাকে। এছাড়া সড়ক পথে দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল: বরিশাল মেট্্েরাপলিটান পুলিশের (বিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার দুপুরে ১৪ দল বিবির পুকুর পাড় থেকে অবরোধের সমর্থনে মিছিল করেছে।
এ সময় পুলিশ কোনো বাধা দেয়নি।
পাবনা: সোমবার রাতে ১৪ দলের কর্মীরা ঈশ্বরদী ট্রেন লাইন তুলে ফেলায় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কাজীর হাট-পাটুরিয়া নৌরুটেও কোন ফেরী চলাচল করেনি। দুপুরে ১৪ দলের নেতাকর্মীরা পাবনা কেন্দ্রীয় টার্মিনাল, গাছপাড়া, জালালপুর, দাশুড়িয়া, মাধপুর, বনগ্রাম, কাশিনাথপুর, মুলাডুলিসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে।
