‘আগামীকাল জানতে পারবেন’
নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান সিইসির পদত্যাগ বা ছুটির প্রশ্নে বলেছেন, “আগামীকাল আপনারা সব জানতে পারবেন।”
নির্বাচন কমিশন সচিবালয়ের গাড়ি বারান্দায় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে কমিশনার একথা বলেন।
বিচারপতি মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার দিনভর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। তবে বৈঠক সম্পর্কে তিনি কিছু বলতে রাজী হননি।
নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুরও সাংবাদিকদের কাছে কোনো বিষয়েই মুখ খোলেননি। সব প্রশ্নের উত্তরে তার জবাব ছিলো, “নো কমেন্ট।”
অপর নির্বাচন কমিশনারও সাংবাদিকদের চোখ এড়িয়ে অফিস ছেড়ে যান।
নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করায় সকাল থেকেই সাংবাদিকরা গাড়ি বারান্দায় অপেক্ষা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে চেপে ধরলেও তিনি কঠোর নিরাপত্তায় দ্রুত বেরিয়ে গিয়ে গাড়িতে উঠেন এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় কাকরাইলে বাসায় চলে যান। সাংবাদিকরা অবশ্য তার পিছু পিছু সেখানেও যান।
