উপদেষ্টাদের উদ্যোগের প্রতি আবারো কূটনীতিকদের সমর্থন
চলমান রাজনৈতিক সংকট নিরসনে উপদেষ্টা পরিষদের উদ্যোগের প্রতি কূটনীতিকরা সোমবার আবারো সমর্থন জানিয়েছেন।
অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খানের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক শেষে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস সাংবাদিকদের বলেন, “চলমান রাজনৈতিক সংকট কাটাতে তাঁরা (উপদেষ্টারা) যে চেষ্টা চালাচ্ছেন তার প্রতি আবারো সমর্থন জানাতে আমারা এখানে এসেছি।”
বৈঠকে অন্যদের মধ্যে বিট্রিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, কানাডার বারবারা রিচার্ডসন এবং অস্ট্রেলিয়ার ডগলাস ফসটেক উপস্থিত ছিলেন।
বিট্রিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, “চলমান রাজনৈতিক সংকট অচিরেই নিরসন হবে বলে আমরা আশা করছি।”
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন আমরা অব্যাহত রাখবো।”
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানের একটি উপায় খুঁজে বের করতে সক্ষম হবে বলেও কূটনীতিকরা আশা প্রকাশ করেন।
আকবর আলী খান সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক প্রশাসন ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে আলোচনার সর্বশেষ খবর জানতে তাঁরা এখানে এসেছিলেন।”
তিনি বলেন, “কূটনীতিকরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাঁরা তাদের সমর্থনের নিশ্চিয়তাও আমাদের দিয়েছেন।”
তিনি বলেন, “দেশের বাইরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কূটনীতিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।”
এই নির্বাচন দেশে গ্রহণযোগ্যতা না পেলে, বিদেশেও পাবে না বলে তিনি মত প্রকাশ করেন।
