২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথা সময়ে নির্বাচন চাই: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকাররের কাছে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সোমবার বিএনপি-জামায়াত সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“দেশের মানুষ নির্বাচন চায়। তাই অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন। ১৪ দলের অযৌক্তিক দাবি মানা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়।”

তিনি বলেন, “তারা এই দেশকে দুর্বল রাষ্ট্রে পরিনত করতে চায়। বিশৃংখলা সৃষ্টি করে ধ্বংস করতে চায় দেশের অর্থনীতিকে। সরকারের উচিত নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

খালেদা জিয়া তাঁর ৫ বছরের শসনামলে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে শিক্ষকদের উদ্দেশে বলেন,“গত নির্বাচনে আমরা সন্ত্রাস দমনের ওয়াদা করেছিলাম। সেই ওয়াদা রক্ষা করে আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এবারের নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।”

তিনি আরো বলেন,“তাদের (আওয়ামী লীগ) সময় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আমাদের সময় ৩ নম্বরে নেমে এসেছে।”

প্রচার মাধ্যমের উদ্দেশে তিনি বলেন,“আপনারা সঠিক, গঠনমূলক ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুন। যারা রাস্তায় গাড়ি ভাংচুর করে তাদের কথা জনগণকে জানান। দেশের জন্য ক্ষতিকর ভাবমূুর্তি যারা তৈরি করে তাদের কথা তুলে ধরুন।”

খালেদা জিয়া আওয়ামী লীগ আমলের দুর্র্নীতির কথা উল্লেখ করে বলেন,“তাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে দুর্র্নীতির মামলা হয়েছিলো। কিন্তু তারা উচ্চ আদালতে গিয়ে সেসব মামলার বিচার কাজ স্থগিত করে রেখেছে। দুর্নীতির বিচার হলে আজ অনেকের এদেশে রাজনীতি করা বন্ধ হয়ে যেতো।”

নাম উল্লেখ না করে দলত্যাগী বিভিন্ন নেতার উদ্দেশে তিনি বলেন,“আজ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে আসলে তারাই দুর্র্নীতিবাজ। দুর্র্নীতির কারণেই তাদের আমি দল থেকে বের করে দিয়েছি। তাদের দুর্র্নীতির খবর আমি জানি। কিন্তু তা কোনো দিনও বলতে চাই না।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক আতিকুর রহমান, এজেডএম জাহিদ হোসেনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকবৃন্দ।