ইয়াজউদ্দিনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মীয় ব্যাবসায়ী আদনান আনোয়ার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আবেদনটি দায়ের করেন।
আদালত সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের অবরোধ কর্মসূচির চলতে থাকার কারণে রিট আবেদনটির শুনানি হয়নি এবং কর্মসূচি শেষ হওয়ার পর এর শুনানি হতে পারে।
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কোন ক্ষমতাবলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে আবেদন দায়ের করা হয়েছে।
রীট আবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৫৮গ (৩), (৪) ও (৫) আনুচ্ছেদের ধারাক্রম অনুসরণ না করেই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন বলে তার এই নিয়োগ অবৈধ ও এর কোন আইনগত কার্যকারিতা নেই।
আবেদনে আরো বলা হয়, প্রধান উপদেষ্টা হিসেবে তার এই নিয়োগ শুধু সাংবিধানিক ধারাকেই লংঙ্ঘন করেছে তা নয়, যে রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন সে দলের গভীর ছায়া তার নিরপেক্ষ ভূমিকাকেও ক্ষুন্ন করেছে এবং তাকে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় না।
