প্রশাসনের ৮২৯ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে আ. লীগ
জনপ্রশাসন ও মাঠ প্রশাসনের ৮২৯ জন কর্মকর্তাকে বিএনপি ও জামায়াতের ক্যাডার ও সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে তাদের নির্বাচন সংশ্লিষ্ট পদ থেকে প্রত্যাহার ও নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি এ পর্যন্ত বদলি হওয়া ওইসব চিহ্নিত কর্মকর্তার নামের তালিকা সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরী ও সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর কাছে জমা দিয়েছে।
কমিটি মঙ্গলবার স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে পুলিশ প্রশাসনের ‘দলবাজ’ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের নামের তালিকা জমা দেবে বলে জানা গেছে।
দুই সচিবের দেওয়া তালিকায় জোট সরকারের সময় সুবিধাভোগী ও চিহ্নিত দলবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পদায়ন পাওয়া পাঁচজন বিভাগীয় কমিশনার, ১৭ জন জেলা প্রশাসক, ১১৩ জন যুগ্ম সচিব, ৪৮০ জন উপসচিব এবং ২১৪ জন সিনিয়র সহকারী সচিবের নাম রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন মহাপরিচালক মোমিন উল্লাহ পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেলে দুই সচিবের সঙ্গে পৃথক পৃথকভাবে প্রায় দেড় ঘন্টা বৈঠক করে এসব তালিকা দেন।
প্রতিনিধি দলের আরো ছিলেন সাবেক যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন, রেজাউল করিম, শৈলেন্দ্র চন্দ্র মজুমদার ও আব্দুল মালেক।
বৈঠক শেষে মোমিন উল্লাহ পাটোয়ারী সাংবাদিকদের জানান, মাঠ পর্যায়ে ও নির্বাচন সংশ্লিষ্ট পদগুলোতে এখন পর্যন্ত যেসব রদবদল হয়েছে, তাতে হাওয়া ভবনের তালিকাভুক্ত কর্মকর্তাদের নামই ঘুরে ফিরে আসছে। প্রশাসনে অনেক নিরপেক্ষ, পদোন্নতি বঞ্চিত, জ্যৈষ্ঠতা লংঘনের শিকার ও পদায়ন বঞ্চিত কর্মকর্তা রয়েছেন। যারা ওইসব পদে নিয়োগ পেলে প্রশাসনকে নিরপেক্ষভাবে চালানো সম্ভব। আর তা করা না হলে মাঠ পর্যায়েও আন্দোলন দানা বেঁধে উঠবে। বিষয়টি কমিটির পক্ষ থেকে সচিবকে জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমিন উল্লাহ বলেন, “আওয়ামী লীগের পক্ষ থেকে দলবাজ ও চিহ্নিত কর্মকর্তাদের তালিকা দেওয়া হয়েছে। একই ধরনের তালিকা অন্য কোন দলের পক্ষ থেকেও দেওয়া হতে পারে। তবে প্রশাসনের কর্মকর্তারা জানেন, কারা বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও কারা বঞ্চিত। আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এমন কর্মকর্তাদের নামের তালিকা জমা দিয়েছি। এদের মধ্যে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া ১৭ জন বিএনপি ও জামায়াতের চিহ্নিত ক্যাডার ও সুবিধাভোগী।”
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের জানান, প্রশাসনের সাবেক ওই কর্মকর্তারা সুবিধাভোগী কর্মকর্তাদের একটি নামের তালিকা জমা দিয়ে গেছেন। তাদের মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে সুবিধাবঞ্চিত কর্মকর্তাদের সেখানে পদায়নের জন্য অনুরোধ করা হয়েছে। তাদের সুবিধাবঞ্চিত কর্মকর্তাদের নামের তালিকাও জমা দিতে অনুরোধ করা হয়েছে। তালিকা পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।
