২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বিচ্ছিন্ন চট্টগ্রাম

১৪ দলীয় জোটের লাগাতার অবরোধে সোমবার বন্দরনগরীর মানুষের জীবনযাত্রায় তেমন কোনো ব্যাঘাত না ঘটলেও দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সকালে ১৪ দলের নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নিলে দূরপাল্লার কোনো গাড়ি শহরে প্রবেশ বা বের হতে পারেনি। তবে রাজপথে প্রধান দুই জোটের নেতা-কর্মীদের অবস্থান ছিল শান্তিপূর্ণ। উভয় জোট বন্দরকে কেন্দ্র করে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে পৃথক ছয়টি পয়েন্টে সমাবেশ করেছে।

নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং এর মোড় থেকে শুরু হয়ে পাহাড়তলীর অলংকার মোড় পর্যন্ত ৬ টি পয়েন্টে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রতিটি পয়েন্টেই ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যদের সমাবেশ এলাকায় টহল দিতে দেখা গেছে।

অলংকার মোড় দখলে রাখাকে কেন্দ্র করে দুই জোটের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থাকলেও পুলিশী তৎপরতার কারণে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চারদলীয় জোট সকাল থেকে অলংকার মোড়ে মঞ্চ তৈরি করে সমাবেশের কাজ শুরু করে। সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চারদলীয় জোট সমর্থিত বন্দর শ্রমিকরা ফকিরহাট এলাকায় পৃথক সমাবেশ করেছে।

অলংকারের মোড়ের দখল হারিয়ে ১৪ দলের নেতা কর্মীরা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাহাড়তলী এ কে খান গেইটে সমাবেশ করে। স্বেচ্ছাসেবক লীগ বারিক বিল্ডিং মোড়ে, ১৪ দল সমর্থিত বন্দর শ্রমিকরা ডক শ্রমিক পরিচালনা বোর্ডের সামনে এবং ১৪ দল হালিশহর নয়া রাস্তার মাথা এলাকায় সমাবেশ করে। মহিউদ্দিন চৌধুরীসহ জোটের শীর্ষ নেতারা এসব সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের অপসারণ দাবি করেন। এ ছাড়া ৩০টি ট্রাকের একটি বহর নিয়ে ছাত্রলীগ এবং যুবলীগ নেতারা দিনভর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।