নাটোরে ১৪ ও ৪ দলের সংঘর্ষে ৫০জন গুলিবিদ্ধ
নাটোরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও চার দলীয় জোটের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় গুলিবিনিময় ও সংঘর্র্ষ চলছে সোমবার সকাল থেকে। এতে ৫০জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে দেড় শতাধিক।
জানা গেছে, শহরের ছায়াবানী মোড়ে সকালে ১৪ দলের সমাবেশ চলার সময় চার দলীয় জোটের কিছু কর্মী ও সমর্থক মোটর সাইকেল নিয়ে এগিয়ে এলে সমাবেশ থেকে তাদের লক্ষ করে গুলি ছোঁড়া হয়। এ ঘটনায় মোটর সাইকেল আরোহীরা পিছু হটে গেলেও পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে ফিরে আসে। এসময় উভয়পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং তা ছড়িয়ে পড়ে পুরো শহরে। মহল্লা-মহল্লায় তখন সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ১৪ দল ও ৪ দলের কর্মী-সমর্থকরা নিজেদের দখলে নিয়ে নেয় বিভিন্ন এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে ৫/৬শ রাউন্ড গুলিবিনিময় হয়েছে উভয়পক্ষে। পুরো শহরে এখন আতঙ্ক বিরাজ করছে।
গুলিবিনিময় ও সংঘর্ষে কমপক্ষে ৫০জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে দেড় শতাধিক। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল, মিশন হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
