ইয়াজউদ্দিন সংকট নিরসনে আজিজের কাছে প্রতিনিধি দল পাঠাবেন
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে কথা বলার জন্য ‘একটি উচ্চতর প্রতিনিধি দল’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাতে উপদেষ্টা পরিষদের এক জরুরী বৈঠকের পর তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “তবে এ প্রতিনিধি দলে কর্মকর্তারা থাকবেন না উপদেষ্টারা থাকবেন সেটা রাষ্ট্রপতি নিজেই নির্ধারণ করবেন।” রাত সোয়া ৯ টায় শুরু হয়ে বৈঠকটি চলে দু’ঘন্টারও বেশি সময় ধরে ।
মাহবুবুল আলম বলেন, “বিচারপতি আজিজের কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। তিনি রাজী হলেই বৈঠক হবে। তার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।”
এমএ আজিজকে অপসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “ আমরা যা করবো সংবিধান মেনেই করবো।”
বিচারপতি আজিজের সঙ্গে প্রস্তাবিত আলোচনা সম্পর্কে তিনি বলেন, “রাষ্ট্রপতি একটি উচ্চতর প্রতিনিধি দল পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার জন্য। দেশের উদ্ভূত পরিস্থিতিতে কি করনীয় তা নিয়ে আলোচনার জন্য।”
আরেক উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেন, “দেশে একের পর এক পরিস্থিতির উদ্ভব হচ্ছে। এর প্রেক্ষিতে রাষ্ট্রপতি এই পদক্ষেপ নিয়েছেন।”
নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে দুই পক্ষের অনঢ় অবস্থান এবং রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের নিষ্ক্রিয়তায় সোমবার থেকে শুরু অনির্দিষ্টকালের অবরোধ জনমনে আশঙ্কা ও দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি করেছে।
সোমবার সকাল থেকে একদিকে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং অন্যদিকে বিএনপির নেতৃত্বে ৪ দলের প্রতিরোধের কর্মসূচি ঘোষণা, মুক্তাঙ্গনে চার দল সমর্থিত ছাত্র সংগঠনগুলোর মঞ্চ নির্মাণ, ১৪ দলের আন্দোলনের সঙ্গে এলডিপিসহ অন্য দলের আন্দোলনের একাত্মতা, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কয়েকজন উপদেষ্টার সময় ক্ষেপণের অভিযোগে সংকট ঘনীভূত হয়েছে।
রাজনৈতিক সংহিসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর ভিআইপি সড়কে সকল প্রকার সভা-সমাবেশ, অবস্থান কর্মসূচি অনুষ্ঠান ও লাঠি-বৈঠা, অস্ত্র , বিস্ফোরক দ্রব্য প্রভৃতি বহন নিষিদ্ধ করেছে। অন্যদিকে ১৪ দল বল রেখেছে, বাধা দিলেই তারা আরো কঠোর আন্দোলনে যাবে। আর চার দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেখানেই অবরোধ সেখানেই প্রতিরোধ।
জট খোলার চাবি রাষ্ট্রপতির হাতে: দেশের রাজনীতির ভবিষ্যৎ কী হবে তা এখন রাষ্ট্রপতির একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। রাজনৈতিক সংকট নিরসনে গঠিত উপদেষ্টা কমিটির তৎপরতায় কোনো ফল আসেনি মন্তব্য করে পক্ষান্তরে রাষ্ট্রপতিকেই দুষেছেন কয়েকজন উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান হতাশা ব্যক্ত করে রোববার সাংবাদিকদের বলেন, আমাদের চেষ্টায় কোনো ফল হয়নি। এখন সবকিছু নির্ভর করছে রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নেন তার ওপর। অর্থ উপদেষ্টা এ পরিস্থিতিতে নিজেদের অবস্থার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার ওপর তো কারো হাত নেই।
আরেক উপদেষ্টা শফি সামি বলেন, আমাদের একজন মুখপাত্র আছেন। আমাদের কর্মকাণ্ডের কথা তিনিই জানাচ্ছেন। বিচ্ছিন্ন মন্তব্য করা ঠিক হবে না। তবে সঙ্কট নিরসনে এখনো রাষ্ট্রপতি কিছু করতে পারেন মন্তব্য করে তিনি বলেন, আমি এখনো আশাবাদী।
উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী নির্বাচন কমিশন পুনর্গঠনে সাংবিধানিক বাধার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন তার বিবেক সাড়া না দিলে আমরা কি করবো। তার বিবেক তো সাড়া দিচ্ছে না।
রাষ্ট্রপতির প্রস্তাব ১৪ দলের নাকচ: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের আহম্মেদের প্রস্তাব মানবে না ১৪ দল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনের সঙ্গে বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রোববার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধন ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশবাসী তা মেনে নেবে না।”
১৪ দল ও ঐক্যফ্রন্টের যৌথ আন্দোলন: রোববার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও এলডিপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট যৌথভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
ধানমন্ডির একটি হোটেলে জোট দু’টির যৌথসভা শেষে ১৪ দল সমন্বয়ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ও জাতীয় ঐক্য ফ্রন্ট সমন্বয়ক এলডিপি মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান দুপুরে এই কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনের যৌথ কর্মসূচি ঘোষণা করতে গিয়ে জলিল বলেন, “জাতির এই ক্রান্তি লগ্নে সব ধরণের যড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা এক টেবিলে আলোচনায় বসেছি। আমরা অনুধাবন করছি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে। সেই উপলব্ধি থেকেই ১৪ দল ও ঐক্য ফ্রন্ট যৌথভাবে আন্দোলন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।”
১৪ দলের আন্দোলনের সঙ্গে আরো দল যুক্ত: মিসবাহুর রহমানের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোট, সৈয়দ বাহাদুর শাহ নেতৃত্বাধীন ইসলামী ফ্রন্ট ও মুফতি ইজহারুল হক নেতৃত্বাধীন নেজামী ইসলামী ১৪ দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।
ধানমন্ডির একটি হোটেলে রোববার দুপুরে ১৪ দল সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইসলামী ঐক্য জোট ও ইসলামী ফ্রন্ট এবং নেজামী ইসলামী পৃথকভাবে যৌথসভা করে এ ঘোষণা দেয়।
মুক্তাঙ্গনে ছাত্র ঐক্য মঞ্চ নির্মাণ: জাতীয়তাবাদী সমর্থিত ছাত্র সংগঠনগুলোর গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য ঢাকা মুক্তাঙ্গন প্রাঙ্গনে মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে। রোববার বিকেলে এই মঞ্চেই চার দলের জনসভা অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলাল বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা জানিয়ে দিতে চাই তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।”
এ অবস্থায় অতিরিক্ত সর্তকতা হিসেবে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।
