৬১৮ পুলিশ কর্মকর্তা রদবদল
তত্ত্বাবধায়ক সরকার রোববার সারা দেশের ৪৮৭ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৬১৮ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি করেছে। তবে মহানগর এলাকার কোন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এখন পর্যন্ত বদলি করা হয়নি।
পুলিশ জানায়, ৬১৮ পরিদর্শকের মধ্যে ৪৮৭ জন দেশের বিভিন্ন থানা ও ঢাকার বাইরে মহানগর এলাকার থানার ওসি ছিলেন। বাদবাকী কর্মকর্তারা গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন।
বদলি করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকদের মধ্যে ১২৬ ওসি ও ৭ পরিদর্শককে ঢাকা রেঞ্জে, ৯২ ওসি ও ৩৬ পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জে, ১২৭ ওসি ও ৪৬ পরিদর্শককে রাজশাহী রেঞ্জে, ৬৩ ওসি ও ২৬ পরিদর্শককে খুলনা রেঞ্জে, ৪১ ওসি ও ১০ পরিদর্শককে বরিশাল রেঞ্জে এবং ৩৮ ওসি ও ৮ পরিদর্শককে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।
বদলির এই আদেশ সোমবার থেকে কার্যকর হবে বলে পুলিশ সূত্র জানায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের (পিএইচও) মিডিয়া সেলের প্রধান মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রদবদলে পুলিশ সদর দপ্তরের কোন ভূমিকা বা প্রভাব নেই। কারণ এটা সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে করা হয়েছে।
কিন্তু গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকায় কর্মরত পরিদর্শকদের বদলির আদেশ তাৎক্ষনিকভাবে কার্যকর নাও হতে পারে।
চলমান রাজনৈতিক অস্থিরতার উন্নতি বা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি), খুলনা মেট্রোপলিটান পুলিশ (কেএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ (সিএমপি) এবং রাজশাহী মেট্রোপলিটান পুলিশ (আরএমপি) এলাকার কোন ওসিকে পরিবর্তন করা হবে না বলে সূত্র জানায়।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে মতিউর রহমান কোন কথা বলতে অস্বীকার করেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকার পুলিশের উর্দ্ধতন পর্যায়ে চার দফা রদবদল করে।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার ৪ শতাধিক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করেছিলো।
