২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতিকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির আল্টিমেটাম

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ৩০ নভেম্বরের মধ্যে নিরপেক্ষ ও জ্যেষ্ট বিচারপতিদের নিয়ে রিট, ফৌজদারি ও দেওয়ানী মোশন বেঞ্চ গঠনের জন্য রোববার প্রধান বিচারপতিকে আল্টিমেটাম দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এর মধ্যে দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সমিতি আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছে। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ আব্দুল আহাদ হলে সমিতির জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, ঘন ঘন বেঞ্চ গঠন ও পুনর্গঠনের ফলে মামলার শুনানিতে ব্যাঘাত হচ্ছে। বেঞ্চ গঠন সম্পর্কিত নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সুপ্রীমকোর্টের ঐতিহ্য ও বার সমিতির মতামতের ভিত্তিতে দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন সিনিয়র বিচারপতিদের নিয়ে রীট, সিভিল ও ক্রিমিনাল বেঞ্চ গঠনের দাবি জানানো হয়।

এতে বলা হয়, যথাযথভাবে বেঞ্চ গঠন না করার ফলে বিচারাধীন হাজার হাজার আসামির জামিনের আবেদনের শুনানি হচ্ছে না। উল্টো জনগুরুত্বপূর্ণ মামলায় আদেশ দেয়ায় বেঞ্চগুলোকে শাস্তিমূলকভাবে ভেঙ্গে দেয়া হচ্ছে। ফলে হাইকোর্ট বিভাগের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এ প্রতিবন্ধকতা দূর করতে হবে।

এছাড়া বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির একতরফা সিদ্ধান্তের ফলে সুপ্রীমকোর্টের নিরপেক্ষ ও স্বাধীন ভাবমূর্তি ক্ষূন্ন হচ্ছে। তাই অবিলম্বে সিনিয়র বিচারপতিদের নিজ নিজ বেঞ্চ ফিরিয়ে দিয়ে বেঞ্চ পুনর্গঠন করতে হবে।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. ওজায়ের ফারুক, সহ-সভাপতি আব্দুল মান্নান খান, সম্পাদক এএম আমিনউদ্দিন, সহ-সম্পাদক মোতাহার হোসেন সাজু, সাবেক সম্পাদক মাহবুব আলী ও ইনায়েতুর রহিম।