জট খোলার চাবি রাষ্ট্রপতির হাতে
রাষ্ট্রপতির একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের রাজনীতির ভবিষ্যত। রাজনৈতিক সংকট নিরসনে গঠিত উপদেষ্টা কমিটির তৎপরতায় কোনো ফল আসেনি মন্তব্য করে পক্ষান্তরে রাষ্ট্রপতিকেই দুষেছেন কয়েকজন উপদেষ্টা।
অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান হতাশা ব্যক্ত করে রোববার সাংবাদিকদের বলেন, আমাদের চেষ্টায় কোনো ফল হয়নি। এখন সবকিছু নির্ভর করছে রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নেন তার ওপর।
অর্থ উপদেষ্টা এ পরিস্থিতিতে নিজেদের অবস্থার কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির ক্ষমতার ওপর তো কারো হাত নেই।
আরেক উপদেষ্টা শফি সামি বলেন, আমাদের একজন মুখোপাত্র আছেন। আমাদের কর্মকাণ্ডের কথা তিনিই জানাচ্ছেন। বিচ্ছিন্ন মন্তব্য করা ঠিক হবে না।
তবে সঙ্কট নিরসনে এখনো রাষ্ট্রপতি কিছু করতে পারেন মন্তব্য করে তিনি বলেন, আমি এখনো আশাবাদী।
উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী নির্বাচন কমিশন পুনর্গঠনে সাংবিধানিক বাধার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন তার বিবেক সাড়া না দিলে আমরা কি করবো। তার বিবেক তো সাড়া দিচ্ছে না।
এর আগে শুক্রবার মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ কালক্ষেপণ করছেন বলে রাষ্ট্রপতির সরাসরি সমালোচনা করেন।
উপদেষ্টাদের সঙ্গে শনিবার দু’দফা বৈঠক, খালেদা জিয়ার সঙ্গে আলোচনা এবং রোববার হাসিনাসহ ১৪ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বাস্তব কোনো সমাধান দেন কি না তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
