পার্বত্য পরিষদের ৮টি দপ্তর হস্তান্তরের প্রতিবাদে বুধবার রাঙ্গামাটিতে হরতাল
পার্বত্য জেলা পরিষদের অধীনে আটটি দপ্তর হস্তান্তরের সিদ্ধান্ত মঙ্গলবারের মধ্যে প্রত্যাহারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন বুধবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধী ‘পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন’ রোববার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন জেলা কমিটির দপ্তর সম্পাদক পেয়ার আহম্মদ খাঁনের সভাপতিত্বে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল, যুগ্ন-সম্পাদক মো. ইউনূস ও সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী।
বক্তারা বলেন, পার্বত্য কালো চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে পার্বত্য জেলা পরিষদের কাছে আটটি দপ্তর হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকার যে অঙ্গীকার করেছে তা আগামী মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার করা না হলে বুধবার রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
প্রসঙ্গত গত ১৬ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, যোগাযোগ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) সাক্ষাত করেন। এসময় উপদেষ্টা আটটি দপ্তর পার্বত্য জেলা পরিষদের অধীনে হস্তান্তরের সিদ্ধান্তের কথা জানান।
