মিছিল সমাবেশে রাজশাহী মহানগরী উত্তাল
রাজনৈতিক কর্মসূচীর কারণে রাজশাহী মহানগরী উত্তাল হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ মিছিল সমাবেশে অংশ নেওয়ায় এবং সংঘর্ষের আশংকায় নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।
রোববার সকালে নগরীর সাহেব বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে চার দলীয় জোট। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সাহেব বাজার বড় রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিকেলে।
১৪ দলের সমাবেশে মহানগর আওযামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদ মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।
১৪ দল সোমবারের অবরোধ কর্মসূচী সফল করতে সকাল সাড়ে ৮ টা থেকে রাজপথে অবস্থান নেবে।
দুপুরে ৪ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু , জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান প্রমুখ।
