সিইসিকে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে: আনোয়ার চৌধুরী
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সবগুলো রাজনৈতিক দলের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী। রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি বিচারপতি এম এ আজিজের সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান।
বিকেল ৩ টা ২০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা স্থায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর অবস্থান, নির্বাচনে নিরাপত্তা, বিদেশী পর্যবেক্ষকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর এবং কমিশন সচিব আব্দুর রশীদ সরকার।
বৈঠক শেষে বেরিয়ে এসে রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী কমিশন সচিবালয়ের গাড়ি বারান্দায় অপেক্ষমান সাংবাদিকদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সবগুলো রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে হবে সিইসি তথা নির্বাচন কমিশনকে। এর কোনো বিকল্প নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা স্বীকার করার পাশাপাশি এটাও বলেন যে, কূটনীতিকদের পক্ষে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি নিয়েও তিনি সিইসির সঙ্গে আলোচনা করেছেন বলে জানান।
এ পরিস্থিতিতে সিইসি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী বলেন, “নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জন করতে না পারলে নির্বাচনের ফলাফল বিতর্কিত হতে পারে-এ আশঙ্কা থেকে যায়। কমিশন এ বিষয়ে আমাদের নিশ্চয়তা দিলেও আশঙ্কার বিষয়টি এসেই যায়।”
আরেক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘‘আমরা মনে করি, ৯০ দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। একটি নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তত্ত্ববধায়ক সরকার এ ক্ষেত্রে খুব বেশী অগ্রগতি অর্জন করতে পারেনি। এটিও একটি উদ্বেগের বিষয়।”
নির্বাচন কমিশন সংস্কার করার বিষয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) যে মতামত দিয়েছে, সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, “আমরাও ইইউ এর অংশ। তাই আমাদের মতামতও একই।”
নির্বাচনে ইইউ স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার ও বিনা খরচে এ সব ব্যালট বাক্স সরবরাহ করার যে প্রস্তাব দিয়েছিল তা এখনো বহাল আছে কি না-জানতে চাওয়া হলে, তিনি বলেন, “সিইসির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি। তবে আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স সরবরাহের প্রস্তাবটি এখনো বহাল আছে।”
