২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির প্রস্তাব মানবে না ১৪ দল

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এবং নির্বাচন কমিশনার স ম জাকারিয়াকে না সরিয়ে নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের প্রস্তাব প্রত্যাখান করেছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রোববার বিকেলে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ করার পর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আব্দুল জলিল এ কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, “আরো দুজন কমিশনার দিয়ে যদি রাষ্ট্রপতি নির্বাচন পুর্নগঠন করতে চায় তাহলে বাংলাদেশের মানুষ যে কোন মূল্যে তা প্রতিহত করবে।”

জলিল বলেন, “আজিজ-জাকারিয়া গংদের অপসারণ না করে এককভাবে রাষ্ট্রপতি দুই নির্বাচন কমিশনার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই একক সিদ্ধান্ত গ্রহনের দায় নিতে উপদেষ্টারা অস্বীকার করায় একচ্ছত্র ক্ষমতা গ্রহণকারী প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন ওই সিদ্ধান্তটি চাপিয়ে দেবার পাঁয়তারা করছেন।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলিল আরো বলেন, “আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই , এ ধরনের যড়যন্ত্র-চক্রান্ত করে ইয়াজউদ্দিন জাতির ওপর গণবিরোধী কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে তার ফলাফল হবে ভয়াবহ। এরকম হলে জাতি ইয়াজউদ্দিন হঠানোর আন্দোলনে সামিল হবে।”

গত জাতীয় সংসদে নির্বাচনের ৩৭ দিন আগে তফসিল ঘোষনা করা হয়েছিল উল্লেখ করে রাষ্ট্রপতির উদ্দেশে জলিল বলেন,“ নির্বাচন কমিশন পুর্ণগঠন ও ভোটার তালিকা সংশোধন বিষয় বাদ দিয়ে হঠাৎ করে ৭০ দিন বাকী থাকতে তফসিল ঘোষনার প্রসঙ্গ আসে কিভাবে?”

এক প্রশ্নের জবাবে ১৪ দলের সম্বন্বয়ক বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষনা করছি, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি নির্দলীয় অবস্থান না নিয়ে বিএনপি-জামায়াতের নীল নাকশার পথে অগ্রসর হন, তবে সোমবার থেকে একদফার দাবিতে লাগার অন্দোলন শুরু হবে এবং গণধিকৃত ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে বাধ্য করা হবে।

তারেক রহমান রোববার শেখ হাসিনা, আব্দুল জলিল ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের বিরুদ্ধে মানহানি মামলা করেছে উল্লেখ করে জলিল বলেন, “আমরা মনে করি কেঁচো খুড়তে সাপ বের হবে এবং এই মামলাই হবে তারেক রহমানের জন্য বুমেরাং।”

জলিল বলেন, “আমরা চাই না দেশ অচল হয়ে যাক। আমরা বার বার সময় দিয়েছি। অসীম ধৈর্য্যরে পরিচয় দিয়েছি। সরকারকে সুযোগ দিয়েছি। ইয়াজউদ্দিনই আজকের এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দায়ী। জাতির বৃহত্তর স্বার্থে আমরা তাই দেশবাসীকে অতীতের মতো আবারও নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে আসার আকূল আবেদন জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী এবং ওয়র্কার্স পাটির নেতা রাশেদ খান মেনন প্রমুখ।