আবারও অনির্দিষ্ট অবরোধের মুখে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট আহ্বান করেছে ছাত্র সংগ্রাম পরিষদ। তারা একইসঙ্গে উপাচার্যের পদত্যাগও দাবি করেছে।
বিকেল চারটায় পুরানা পল্টনে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগ্রাম পরিষদ এ ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের পরোক্ষ মদদেই ছাত্রদল ক্যাম্পাসে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের পাঁচজন আহত হন।
এদিকে ক্যাম্পাসে রোববার সকালে ছাত্র সংগ্রাম পরিষদ ও ছাত্রদলের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা, পরিবেশ পরিষদের বৈঠক আয়োজন করা ইত্যাদি দাবিতে দীর্ঘ প্রায় এক মাস পর ও ক্যাম্পাস খোলার তৃতীয় দিনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে।
দুপুরে পৌনে ১২ টায় তারা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ ও প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদের সঙ্গে আলোচনায় বসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে মিছিল করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় আলোচনা শেষে প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ পুলিশের সহায়তায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের উপাচার্যের কার্যালয় থেকে বের হতে সাহায্য করেন। কিন্তু পরিষদের নেতারা বুদ্ধিজীবী ভাস্কর্যের সামনের ফটক দিয়ে বের হওয়ার সময় মল চত্বরে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় মল চত্বরে অবস্থানরত ছাত্রদলের পুলিশকে উপেক্ষা করে নেতাকর্মীরা আবার তাদের ধাওয়া করে।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একটি রিকশা নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে বহনকারী রিকশাটি মুহসীন হলের মাঠের সামনে বসুনিয়া তোরণ অতিক্রম করার সময় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা তাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে। এরপর ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা নীলক্ষেত দিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় নীলক্ষেতে একটি গাড়ি ভাংচুর করে।
উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে ছাত্রলীগের সাধারণ সাম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। প্রত্যেকটি হলে সহাবস্থান নিশ্চিত এবং সশস্ত্র ক্যাডারদের বের করে অস্ত্রমুক্ত সুষ্ঠু শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
উপাচার্য ফায়েজ বলেন, ক্যাম্পাসে সব সংগঠনের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করার জন্য সোমবার তিনি ছাত্রদলের সঙ্গে আলোচনায় বসবেন। ধর্মঘটের আশঙ্কা করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য ছাত্র সংগঠনগুলোর প্রতি কোন উস্কানির মুখে ‘সিরিয়াস’ পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানান।
ছাত্রসংগ্রাম পরিষদের দাবি অনুযায়ী সব সংগঠনের সঙ্গে পরিবেশ পরিষদের বৈঠকের আয়োজনের ব্যাপারে উপাচার্য বলেন, ছাত্রদলের সঙ্গে আলোচনা করে তারপর সব সংগঠনের নেতাদের জানানো হবে।
এদিকে ছাত্রলীগের দুই কর্মীকে মারধরের ঘটনায় উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবেও বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া ক্যাম্পাসে অস্ত্রের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, হলে হলে অস্ত্রের ব্যাপারে কেউ তথ্য দিলে সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি চালানো হবে।
এদিকে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যের যোগসাজশ রয়েছে অভিযোগ তুলে লাগাতার ধর্মঘটের হুমকি দেয় ছাত্রসংগ্রাম পরিষদ।
প্রসঙ্গত সকালে ছাত্রদলের হামলায় ছাত্র সংগ্রাম পরিষদের দুজন আহত হয়। আহতরা হলেন এফ রহমান হলের সাঈদুর রহমান ও জিয়া হলের মাহবুবুর রহমান টিটো। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ছাত্রদলের সহ সভাপতি ওবায়দুল হক নাসের সাংবাদিকদের বলেছেন, কোনো সন্ত্রাসীর সঙ্গে ছাত্রদেল সহাবস্থান হতে পারে না। তিনি উত্তেজনা সৃষ্টির জন্য ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের দায়ী করেন।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
