২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি ও এসইসির চেয়ারম্যানসহ আট জন পুনর্বহাল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ চুক্তি বাতিল হওয়া দুই কমিশনের সাত সদস্যকে আবারও চাকরিতে বহাল করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার বাতিল করা চুক্তিও পুনর্বহাল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সচিবালয়ের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর দেখা গেছে, বিটিআরসি বা এসইসির মত কমিশনের সদস্যদের চুক্তি নির্বাহী আদেশে বাতিল করা যায় না। এ প্রেক্ষাপটে সংক্ষুব্ধরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিলে দুদিনের মাথায় চুক্তি বাতিলের আদেশ আবার বাতিল করা হয়।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক নির্বাহী আদেশে বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক এবং কমিশনের অপর দুই সদস্য এএমএম রেজা-ই-রাব্বী এবং বিচারপতি আবদুস সালামের চুক্তি বাতিল করা হয়। একই আদেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং তিন সদস্য সালেহ আহমেদ চৌধুরী, মোহাম্মদ আলী খান এবং আব্বাস উদ্দিন খানের চুক্তি বাতিল করা হয়। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা আলী কায়সার হাসান মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ বাতিল করা হয়।

রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আটজন সম্পর্কে বলা হয় এসব “কর্মকর্তা/ব্যক্তিবর্গের চুক্তিভিত্তিক নিয়োগাদেশ বাতিলের সংশ্লিষ্ট অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।”