২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক শিবির-ছাত্রদল কর্মীদের সহকারি কমিশনার (ভূমি) করা হচ্ছে

প্রচলিত নিয়ম ভেঙ্গে শতাধিক ভূমি কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। অভিযোগ উঠেছে নির্বাচন সামনে রেখে চার দলীয় জোট অনুগত কর্মকর্তাদের রাখা হয়েছে নিয়োগের তালিকায়।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সচিবালয় সূত্রগুলো বলছে, চাকরি স্থায়ীকরণ এবং সার্ভে ও সেটেলমেন্ট ট্রেনিংসহ মেধাতালিকা উপেক্ষা করে গত ২৩ অক্টোবর ২২তম বিসিএস ব্যাচের ১২৫ জনসহ ১২৯ জনকে সহকারি কমিশনার (ভূমি) নিয়োগের জন্য তৎকালীন সংস্থাপন সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর মধ্যে ২৮ জনকে নিয়োগ চূড়ান্ত হলেও পরে তা বাতিল করা হয়।

এ ব্যাপারে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “এ ধরনের নিয়োগের ক্ষেত্রে উদ্দেশ্য কি তা বিবেচনা করা উচিত। উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে তা অবশ্যই নিন্দনীয়। যদিও সার্ভে সেটেলমেন্ট টেনিং ছাড়াও এর আগে জনবলের অভাবে সহকারি কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

অনুসন্ধানে দেখা গেছে, সহকারি কমিশনার (ভূমি) পদে নিয়োগের তালিকাভুক্ত ১২৯ জনের বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রদলের চিহ্নিত “ক্যাডার” হিসেবে পরিচিত ছিলেন।

নিয়োগপাওয়ার পর বাতিল হওয়া ২৮ জনের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কর্মী মো. আবদুল্লাহ হাককানী, ছাত্রদলের শহীদুল্লাহ হলের সাবেক সভাপতি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, বর্তমান সংস্থাপন সচিব সোলেমান চৌধুরীর জামাই মো. সামছুদ্দোজা, শহীদুল্লাহ হলের সাবেক ছাত্রদল নেতা মো. গোলাম আজম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সৈয়দ ইরতাজ আহসান রয়েছেন।

এছাড়া তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কর্মী সানা শামীনুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কর্মী মো. আবেদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক শিবির নেতা মো. ছামসুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কর্মী মো. আব্দুল মান্নান, শহীদুল্লাহ হলের সাবেক ছাত্রদল নেতা এরশাদ আহসান হাবিব, চুয়াডাঙ্গা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের জামাই মো. আব্দুস সালাম, বিএম কলেজের সাবেক ছাত্রদল কর্মী মো. মাহমুদ হাসান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কর্মী সোহরাব হোসেন উল্লেখযোগ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক ২২তম বিসিএস ব্যাচের এক কর্মকতা বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন নিয়মনীতি না মেনে শুধুমাত্র সাবেক শিবির-ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে সহকারি কমিশনার (ভূমি) নিয়োগের তালিকা তৈরি করা হয়েছে ।

তিনি বলেন, প্রথা অনুযায়ী নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) নিয়োগের তালিকা তৈরি করা হয়ে থাকে। অথচ এই তালিকাটি তৈরি করা হয়েছে ইচ্ছে মত

২০০৩ সালে তিন শ’ থানা নির্বাচন কর্মকর্তা পদে ছাত্রদল নেতাকর্মীদের নিয়োগ দিলে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। আসন্ন নির্বাচনে এই কর্মকর্তাদের দায়িত্ব না দেয়া হলে সহকারি কমিশনার (ভূমি) পদের এসব কর্মকর্তা থানা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন । এই পরিকল্পনা মাথায় রেখে বিএনপি-জামায়াত জোট ক্ষমতা ছাড়ার ছয়দিন আগে সহকারি কমিশনার (ভূমি) পদে নিয়োগের এই তালিকাটি তৈরি করে।

২০০১ সালের সংসদ নির্বাচন ছাড়া আগের সব নির্বাচনে সহকারি কমিশনার (ভূমি) পদের কর্মকর্তারা থানা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।