২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সঙ্গে আরও তিনটি দলের যুগপৎ আন্দোলনের ঘোষণা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে মেজবাহুর রহমানের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোট, সৈয়দ বাহাদুর শাহ নেতৃত্বাধীন ইসলামী ফ্রন্ট ও মুফতি ইজহারুল হক নেতৃত্বাধীন নেজামী ইসলামী যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ধানমন্ডির একটি হোটেলে রোববার দুপুরে ১৪ দল সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইসলামী ঐক্য জোট ও ইসলামী ফ্রন্ট এবং নেজামী ইসলামী পৃথকভাবে যৌথসভা করে এ ঘোষণা দেয়।

ইসলামী ঐক্য জোট ও ইসলামী ফ্রন্টের সঙ্গে মতবিনিময় শেষে আব্দুল জলিল তাদের অভিন্দন জানিয়ে বলেন, দেশে এখন যে চক্রান্ত চলছে, তাতে একদিকে গণতন্ত্র যেমন বিপন্ন হবে, অন্যদিকে ইসলামও বিপন্ন হবে।

জলিল জানান, দেশের ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য জামাতের হাত থেকে ইসলামকে রক্ষা করা ও দেশের গণতন্ত্র রক্ষার জন্যই আজ তারা যুগপৎ আন্দোলনে যোগ দিয়েছে।

ইসলামী ঐক্যজোট সভাপতি মেজবাহুর রহমান বলেন, “চারদলীয় জোটে আমরা ছিলাম, তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করেছি, তারা স্বৈরাচারী সংসদীয় ব্যবস্থা কায়েম করেছে।”

ইসলামী ফ্রন্ট সভাপতি সৈয়দ বাহাদুর শাহ বলেন, “কোন কিছু পাওয়ার জন্য আমরা আসি নাই।”

জামাতে ইসলামীর হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “জামাত শিবির উৎখাত করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

মেজবাহুর রহমান জানান, সোমবার বায়তুল মোকারমে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এদিকে নেজামী ইসলামীর চেয়ারম্যান মুফতি ইজহারুল হকের ছেলে মওলানা মুসা বিন ইজহারুলের নেতৃত্বে একদল প্রতিনিধি রোববার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে দেখা করে যুগপৎ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করছে।

এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং মতিয়া চৌধুরী ।