২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো: ইয়াসমিন মুর্শেদ

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সময় নষ্ট করার জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নানা মহলের ক্ষোভ প্রকাশের পর এই প্রথম একজন উপদেষ্টা দৃশ্যত রাষ্ট্রপতির সমালোচনা করলেন।

শুক্রবার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াসমিন মুর্শেদ চলমান রাজনৈতিক সংকট নিরসনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, “১৪ দলের রোববারের সময়সীমার মধ্যেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে ঠিক কখন সমাধান হতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।”

এই পরিস্থিতিতে উপদেষ্টাদের কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি আমরা তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে কিছু করতে পারতাম বা আমাদের সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্রপতি অথবা তিনি নিজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন তাহলে খুবই ভালো হতো।”

ইয়াসমিন মুর্শেদ বলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ঠিক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তো উদ্বেগ থাকবেই।” তবে রাজনৈতিক দলগুলো জনদূর্ভোগ বাড়ায় এমন কোনো কর্মসূচি দেবে না বলেও আশা করেন তিনি।

তিনি বলেন, “রাজনৈতিক সংকট সমাধানের কাজ কিন্তু আমাদের নয়।” এ ব্যাপারে উপদেষ্টাদের তৎপরতাকে তিনি তাঁদের উদ্বেগের প্রকাশ বলে অভিহিত করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সংকট সমাধানের উদ্যোগ থেমে যায়নি উল্লেখ করে তিনি বলেন, “ভেতরে ভেতরে অনেক চেষ্টা ও তৎপরতা চলছে।”

আগামী নির্বাচনের বিষয়ে অকপটে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলের কেউ নির্বাচনে না এলে নির্বাচন সুষ্ঠু হবে না।