২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি নিয়ে টালবাহানা করলে আপনাকেও বিদায় নিতে হবে: প্রধান উপদেষ্টার প্রতি হুঁশিয়ারী

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ১৪ দলের ১১ দফা দাবি নিয়ে টালবাহানা করলে প্রধান উপদেষ্টাকেও বিদায় নিতে হবে। রোববারের মধ্যে দাবি না মানা হলে সোমবার থেকে আবারো লাঠি বৈঠা হাতে জনগণ রাস্তায় নামবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

রাজধানীর নাবিস্কো মোড়ে শুক্রবার তেজগাঁ থানা ১৪ দল আয়োজিত ১৩ নভেম্বর শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশের ট্রাক চাপায় নিহত আওয়ামী লীগ কর্মী ওয়াজিউল্লাহর স্মরণে এবং সারাদেশে নেতা-কর্মী হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তারা এই হুঁশিয়ারী উচ্চারণ করেন।

ডা. এইচ বি এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “রাষ্ট্রপতিকে দেখে মনে হয় তিনি রাষ্ট্রপতি নন। খালেদা জিয়ার কর্মচারী। কিন্তু ১৪ দলের দাবি না মানা পর্যন্ত এদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের উদ্দেশ্যে তাঁরা বলেন,“ সিইসি নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলেছেন। কিন্তু সেই তফসিল হবে আপনার পদত্যগের তফসিল, নির্বাচনের নয়।”

তাঁরা বলেন,“দেশের সংকট আজ দুই ব্যক্তি-ইয়াজউদ্দিন আর খালেদা জিয়া। সংকট দুটি ভবন-হাওয়া আর বঙ্গভবন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন,“সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আবারো প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু আপনি নিরপেক্ষ না হলে জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

রাশেদ খান মেনন বলেন,“নির্বাচনের তফসিল ঘোষণার নামে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।”

আব্দুর রাজ্জাক বলেন,“খালেদা জিয়া ও তার পুত্র অস্ত্রের ভাষায় কখা বলছেন। আমাদের অস্ত্রের ভয় দেখাবেন না। জনগণকে সাথে নিয়ে আমরা এর জবাব দেবো।”

হাসানুল হক ইনু বলেন,“এমন কিছু করবেন না, যাতে প্রধান উপষ্টোর পদ থেকেও আপনাকে পদত্যাগে বাধ্য হতে হয়।”

তোফায়েল আহম্মেদ বলেন,“আমাদের আন্দোলন শেখাবেন না। কিভাবে দাবি আদায় করতে হয় তা আমরা জানি।”

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এইচ এস কে সাদেক, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, পংকজ ভট্টাচার্য, সাজেদা চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, দিলীপ বড়ুয়া, মোহাম্মদ নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওবায়েদুল কাদের, সুলতান মোহাম্মদ মনসুর, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, সাহারা খাতুন, সুবিদ আলী ভূঁইয়া, এ কেএম রহমত উল্লাহ, আখতারুজ্জামান, এম এ গনি প্রমুখ।

সমাবেশ শেষে নিহত ওয়াজিউল্লাহর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে দুই লাখ টাকা এবং তার ছেলের চাকরি দেওয়ার ঘোষাণা দেন ডা. এইচ বি এম ইকবাল।