২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজের বাসায় খাবার নিয়ে ব্যবসায়ীরা

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের বাড়িতে ব্যবসায়ীদের একটি দল এক মাসের জন্য পর্যাপ্ত খাবার নিয়ে যান। তবে সিইসি তা গ্রহণ করেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 02:00 AM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আজিজ ও তাঁর পরিবারের সদস্যদের কাছে খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য দোকান মালিকদের প্রতি এক ব্যবসায়ী নেতার আহবানের পর ওই ব্যবসায়ীরা শুক্রবার ব্যতিক্রমী এই কাজটি করেন।

ঢাকা মেট্রোপলিটান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন পদত্যাগের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের ওপর চাপ সৃষ্টির জন্য মঙ্গলবার দোকান মালিকদের প্রতি সিইসির কাছে খাদ্যসামগ্রী বিক্রি না করার আহবান জানিয়েছিলেন।

খাবার নিয়ে যে ব্যবসায়ীরা আজিজের কাকরাইলের বাড়ি গিয়েছিলেন তাদের একজন বলেন, হেলাল উদ্দিনের ওই নির্দেশ মানুষের মৌলিক অধিকার লংঘনের শামিল।

কিন্তু আজিজ বাড়ি থেকে যেমন বের হয়ে আসেননি, তেমনি গ্রহণ করেননি খাবারও। তবে এক নিরাপত্তা রক্ষী অপেক্ষমান ব্যবসায়ীদের বলেন, খাবার নিয়ে আসায় তিনি খুশি হয়েছেন। তবে এসব খাবার আজিজ এতিমখানায় দিয়ে দিতে বলেছেন।