২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে রোববারের মধ্যে বিদায় দিন: রাষ্ট্রপতির উদ্দেশে জলিল

আগামী রোববারের মধ্যে সিইসি এমএ আজিজকে বিদায় দিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে ১৪ দল। নইলে সোমবার থেকে দেশে কোনো অশান্তি সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবেন রাষ্টপ্রতি। বিএনপি-জামাতের রিমোটকন্ট্রোলে রাষ্ট্রপতি পুতুলের মতো চলছেন বলেও অভিযোগ করেছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 10:13 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে নির্বাচন কমিশনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সন্ধ্যায় ১৪ দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ধানমন্ডির সুধাসদনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির উদ্দেশে জলিল বলেন, আগামী রোববারের মধ্যে আজিজকে বিদায় দিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন না করলে সোমবার থেকে দেশে যদি কোনো অশান্তি সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন।

রাষ্ট্রপতি পেছনের কলকাঠিতে চলছেন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নেওয়ার পর পেছনের কলকাঠিতে সিদ্ধান্ত পরিবর্তন করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি, তাকে বিচ্ছিন্নভাবে বিচার করলে হবে না। পুরো বিষয়টিকে একটি প্যাকেজ হিসেবে দেখতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসনের কাছ থেকে রদবদলের প্রস্তাব বাতিল করার জন্য বুধবার রাত ১০ টায় কোনো পূর্ব নির্ধারিত সময়সূচি ছাড়াই সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ডা. ফিরোজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন হাওয়াভবন থেকে যে তালিকা দেওয়া হবে সে অনুযায়ী পুলিশ প্রশাসনের রদবদল হবে।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা রাষ্ট্রপতির কাছে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ আলম লেনিন।

বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তাব করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা সংশোধন ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না।

খালেদা জিয়ার বিরুদ্ধে সংবিধান লংঘনের অভিযোগ করে তিনি বলেন, ২৫ বার সময় নিয়েও বিএনপি জামাত জোট নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় কার্যকর করেনি।

জলিল বলেন, খালেদা জিয়া বারবার সংবিধান লংঘনের কথা তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

গত বছর হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জিয়াউর রহমানের ক্ষমতা দখল, সামরিক শাসন এবং সংবিধান সংশোধনসহ সব কর্মকাণ্ডকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, এ দিয়েই প্রমাণিত হয় বিএনপি কতটা সংবিধান লংঘন করেছে।

১৪ দলের সমন্বয়ক অভিযোগ করে বলেন, তারেক রহমানের এপিএস অপু গতকাল আইজিপির কাছে ১৫ জন ওসিকে ফরিদুপুর গোপালগঞ্জ এলাকায় নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছেন।

গত ১৭ দিনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়নি উল্লেখ করে জলিল বলেন, তিনি রাষ্ট্রপতিকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন।

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আইন সচিবের নিয়োগ এখনো বাতিল হয়নি বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় শেখ সেলিম ও সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত ছিলেন।