অবশেষে সামরিক বাহিনী মোতায়েনের প্রজ্ঞাপন বাতিল
অবশেষে স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম সেনাবাহিনী মোতায়েন সংক্রান্তজারি করা ১২ নভেম্বরের প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার বাতিল করেছেন।
বৃহস্পতিবার প্রজ্ঞাপনটি বাতিল করা হলেও প্রজ্ঞাপন জারির ব্যাপারে স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনটি তিনি বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতেও নারাজ। ফলে এ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাতিল আদেশ জারির কয়েক দিন আগেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়েছিলেন।
অর্থ ও বাণিজ্য সচিব ড. আকবর আলি খান বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে ওই প্রজ্ঞাপনের আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছিলেন। তার মতে, ওই প্রজ্ঞাপনটি একটি অকার্যকর প্রজ্ঞাপন। কারণ প্রচলিত আইনেই প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেটরা সেনাবাহিনী মোতায়েন করতে পারেন। তাই প্রজ্ঞাপনটির কোনও আইনগত ভিত্তি নেই। সেটি বাতিল করা বা না করায় তেমন কিছু যায় আসে না।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বঃমঃ (রাজ-২)/বিবিধ-৪৩/২০০২(অংশ)/৭৮৩ নম্বর স্মারকে সচিব এসএম জহরুল ইসলাম স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।
সচিবের ওই আদেশে বিষয় হিসেবে বলা হয়েছে, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সামরিক বাহিনীর কার্যক্রম সমন্বয় করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা প্রসঙ্গে”।
১২ নভেম্বরের আদেশে বলা হয়েছিল, “দেশে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার নিমিত্তে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।”আদেশে বলা হয়েছে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ নভেম্বর ২০০৬ তারিখের স্বঃমঃ(রাজ-২)/বিবিধ-৪৩/২০০২(অংশ)/৭৭৪ নম্বর স্মারকে জারিকৃত পত্রটি (প্রতিস্থাপিত স্মারকসহ) এতদ্বারা বাতিল করা হলো।”
গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম এ ধরনের একটি পত্র বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠালে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। দেশের রাজনৈতিক দলগুলো এর প্রতিবাদ জানায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে এর কড়া সমালোচনা করে সংবাদ প্রকাশ করা হয়।এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচিত হয় এবং এ ধরণের প্রজ্ঞাপনটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তও কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনদিন সময় লেগে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও বুধবারই স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
