২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ৪র্থ দিনেও সারাদেশ ছিল অচল

অবরোধের চতুর্থ দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঠে ছিল চারদলীয় জোট নেতা-কর্মীরা। তবে ছয়টি বিভাগীয় শহরের মধ্যে সিলেট ছাড়া অন্য কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন ধরিয়ে দিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

জেলা শহরগুলোতেও শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: সকালে দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বর ও রেলস্টেশন থেকে বিতাড়িত করে গোটা এলাকার দখল নিয়ে নেয় চারদলীয় জোট। এ সময় চারদলীয় জোটের অঙ্গ সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের সশস্ত্র কর্মী-সমর্থকরা ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আরও ১৫টি মোটর সাইকেল ভাংচুর করে। মোটর সাইকেলগুলো ১৪ দলের নেতাকর্মীদের ছিল। হামলায় ১৪ দলের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন সূত্রে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারদলের কর্মীদের রড, লাঠি, হকিস্টিক প্রকাশ্যে বহন করতে দেখা গেছে। চারদলের মিছিল দেখে রেলস্টেশন থেকে মাত্র ৪০ জন যাত্রী নিয়ে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ছেড়ে যায়। চারদলের মিছিল হুমায়ুন রশীদ চত্বরের দিকে অগ্রসর হলে সেখানে অবস্থানকারী ১৪ দলের নেতাকর্মীরা ট্রাকে উঠে ওই স্থান ত্যাগ করেন। তখন ওই চত্বরের দখল নিয়ে নেয় চারদল। এ সময় তারা ‘দিবারাত্রি ফিলিং স্টেশনে’ রাখা ১৪ দলের নেতাকর্মীদের ১০টি মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দেয় এবং ভাংচুর করে আরও ১৫টি।

এসময় বিক্ষিপ্ত হামলায় ১৪ দলের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন। তবে এদের নাম জানা যায়নি।

এদিকে রেলস্টেশন ও হুমায়ুন রশীদ চত্বর থেকে অনেকটা বিতাড়িত হয়ে ১৪ দলের নেতাকর্মীরা সিলেট নগরীতে ট্রাকের বহর নিয়ে ঢোকে। দুপুর ১২টায় তারা ট্রাক মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

রাজশাহী: সকাল থেকেই নগরীর প্রাণকেন্দ্র রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে পূর্ব ও পশ্চিম পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট।

মাত্র ২০০ গজের ব্যবধানে ১৪ দলীয় জোটের নেতা কর্মীরা জামাল সুপার মার্কেটের সামনে ও ৪ দলীয় জোটের নেতা কর্মীরা আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি এই বিক্ষোভ সমাবেশ করায় জিরো পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। তবে দুপুর ১২টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জে রেল লাইনের স্লিপারে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে আগুন নেভানোর পর পুলিশ পাহারায় আটকে পড়া ট্রেনগুলো আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হলে ঢাকার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নরসিংদী: জেলার ১৫টি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছে ১৪ দলের নেতা ও কর্মীরা। ফলে বুধবারও ঢাকা-সিলেট মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম রেলপথ বন্ধ থাকায় বাস-ট্রাক-লঞ্চ-ট্রেন চলাচল করেনি। অবরোধের কারণে তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত বাবুরহাটেও বেচাকেনা বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ: সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশনে অবরোধের মুখে পড়ে। ১৪ দলের নেতা-কর্মীরা রেলপথের ওপর অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। দুই ঘণ্টা আটকে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

সোমবার রাতে ঈশ্বরগঞ্জে রেল লাইন তুলে ফেলার কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে একদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হলে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টার দিকে আঠারবাড়ী রেল স্টেশনে পৌঁছার পর অবরোধের মুখে পড়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজবাড়ী : গোয়ালন্দ মোড়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কুশপুত্তলিকা দাহ করেছে ১৪ দলের নেতাকর্মীরা। এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার (অব.) আজিজুল হক, রেজাউল করিম লাল, নোয়াব আলী, রমজান আলী প্রমুখ।

এদিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় স্থাপিত জনতার মঞ্চে আগের দিনগুলোর মতো বুধবারও গণসঙ্গীত ও সমাবেশ হয়েছে। বুধবার এখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী, আহমেদ নিজাম মন্টু, মহসিন উদ্দিন প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে বুধবার পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে চারদলীয় জোট ও ১৪ দল। তবে কোন রকম সহিংসতার ঘটনা ঘটেনি।

১৪ দলের নেতা-কর্মীরা সকাল ১১টার সময় স্থানীয় মুক্ত মঞ্চে সমাবেশ করে। উপজেলাগুলোতেও মিছিল সমাবেশ হয়েছে। ট্রেনসহ দূর পাল্লার কোনো গাড়ি চলাচল করেনি। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, বিভিন্ন ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম।

দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পাঁচুর মোড়ে সমাবেশ করে চারদলীয় জোট। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাঁচটি উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

ফরিদপুর : সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যত: অচল ছিল ফরিদপুর। জেলা ও উপজেলা শহরে কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বিকেলের দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশ করে ১৪ দল। আওয়ামী লীগ নেতা খন্দকার মঞ্জু আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাইনুদ্দীন আহমেদ মানু, আব্দুর রহমান, আবুল বাতিন প্রমুখ।

বাগেরহাট: জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও ১৪ দল শান্তিপূর্ণ পরিবেশে মিছিল, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বিকালে বাগেরহাট শহরে বঙ্গবন্ধু সৈনিক লীগের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।

সংগঠনের পৌর সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা কাজী মাহফুজুর রহমান, মীর শওকাত আলী বাদশা, নকীব নজিবুল হক নজু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহ্বায়ক তালুকদার নাজমুল কবীর ঝিলাম প্রমুখ বক্তৃতা করেন। মোরেলগঞ্জ, চিতলমারী, মংলা ও রামপাল উপজেলা থেকেও অনুরূপ সমাবেশ ও মিছিলের সংবাদ পাওয়া গেছে।

এ ছাড়া ১৪ দলের লাগাতর অবরোধ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিএনপি ও চার দলীয় জোট বুধবার বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করেনি। শিল্প কারখানা ছিল বন্ধ। সকাল ১০টায় বিভিন্ন স্থান থেকে বাদ্যযন্ত্রসহকারে ১৪ দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে সাভার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে জড়ো হয়।

পরে একটি বিশাল মিছিল শিমুলতলা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা মহাসড়কের উপর সিইসি’র গলায় জুতা পরিহিত ১০টি কুশপুত্তলিকা দাহ করে।

হবিগঞ্জ: হবিগঞ্জের সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে গত ৩ দিনের তুলনায় আজ শহরে লোকজনের উপস্থিতি ছিল বেশি। জেলার বিভিন্ন রুটে হালকা যানবাহন চলতে দেখা গেছে। তবে দুরপাল্লার কোন যানবাহন হবিগঞ্জ ছেড়ে যায়নি। অবরোধ চলাকালে দুপুরে ১৪ দলের নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের কুশপত্তলিকা দাহ করেছে। লাগাতার অবরোধে হবিগঞ্জের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বেড়ে গেছে। এছাড়া অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিকালে বিএনপি ও জামায়াত পৃথক পৃথক মিছিল সমাবেশ করেছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটেনি। যান চলাচল করেনি। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেছে। এছাড়া চারদলীয় জোট জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।

লালমনিরহাট: ১৪ দলের অবরোধ কর্মসূচির চতুর্থ দিনেও লালমনিরহাট ছিল শান্তিপূর্ণ। ১৪ দলের কর্মীদের বাধার মুখে রেলপথ, সড়ক পথ ছিল অবরুদ্ধ। এতে অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দর।

লালমনিরহাট রেল স্টেশন থেকে কোন রেল ছেড়ে যায়নি। লালমনিরহাট-বুড়িমারী সড়কে দূরপাল্লার কোন যান চলেনি। অবরোধকারীরা রাস্তায় কাঠ, পাথর এবং টায়ার পুড়িয়ে রাস্তা আটকে রাখে সকাল থেকেই।

বুড়িমারী স্থলবন্দরে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়ে। এর মধ্যে আমদানি করা ২০ ট্রাক ফলে পচন ধরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ছাড়া পাসপোর্টধারী শতশত ভ্রমনকারী বাংলাদেশী আটকা পড়েছেন ওই স্থানে।

বুড়িমারী সি এণ্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামান জানান, অবরোধ কর্মসূচির এই চারদিনে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদের তিনকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।