২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টার কুড়িগ্রাম সফর: জেলা প্রশাসনের লুকোচুরি

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরীর কুড়িগ্রাম সফর নিয়ে জেলা প্রশাসনের লুকোচুরির ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

জানা গেছে, উপদেষ্টার সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতা, সাংবাদিক ও কুড়িগ্রাম পৌরসভার চেয়ারম্যানকে ডাকা হয়নি। উপদেষ্টা নিজেও সভায় উপস্থিতির সংখ্যা কম দেখে বিস্ময় প্রকাশ করেন।

উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি মঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানতে বুধবার দুপুর ১২ টায় কুড়িগ্রামে আসেন।

জেলা প্রশাসনের সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের ব্যাপারে জিজ্ঞাসা করলে জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম তড়িঘড়ি করে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ভেতরে নিয়ে আসার নির্দেশ দেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম বলেন, “উপদেষ্টার পিএস এর নির্দেশ মতো কাজ করেছি।”

জেলা প্রেসক্লাবের সভাপতি রবীন্দ্রনাথ রায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তথ্য প্রবাহের যুগে জেলা প্রশাসকের এ ভূমিকা দুঃখজনক।”

পৌর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, “পৌর এলাকায় রাষ্ট্রের কোনও উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা বরেণ্য কোনও ব্যক্তি এলে তাকে স্বাগত জানানো পৌর চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে পড়ে। দুঃখজনক হলেও সত্য যে উপদেষ্টার সফর উপলক্ষে সভায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও জেলা প্রশাসক অনুমতি দেননি।”