২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের বৈঠকে সঙ্কটের সমাধান হবে না

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বেশিরভাগ পাঠক মনে করেন, রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের বৈঠকে সঙ্কটের সমাধান হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ইন্টারনেটভিত্তিক জরিপে অংশ নেওয়া বার্তাসংস্থাটির ৫০.১৪ শতাংশ পাঠক মনে করেন, উপদেষ্টা কমিটির সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা তেমন কোনো পার্থক্য গড়ে দেবে না।

তবে ৪৯.৮৬ শতাংশ ভোটার মনে করেন, চার উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্বন্দ্ব-সংঘাতময় এ পরিস্থিতির অবসান ঘটাতে পারবে।

‘হ্যাঁ’ অথবা ‘না’ জবাব আহ্বান করে জরিপের প্রশ্নটি ছিল ‘উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পারবে বলে মনে করেন কি?’

১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পরিচালনায় শুরু হওয়া ২৪ ঘণ্টার এ জরিপে এক হাজার ৮৪৯ জন অংশ নেন। এর মধ্যে ৯২২ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, নেতিবাচক রায় দেন ৯২৭ জন।

রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে পরস্পরবিরোধী দলগুলোর সাথে উপদেষ্টাদের আলোচনার উদ্যোগে সবাই আশায় বুক বেঁধেছিলেন। সোম ও মঙ্গলবার রাতে দেখা গেল রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে শুধু অটলই থাকছেন না, জোর গলায় সেটা ঘোষণাও করছেন তারা।

তাই সাধারণ সম্পাদক ও মহাসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সংলাপের মতো উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনাও ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে কি-না এ আশঙ্কা প্রায় সবার মনেই। আমাদের পাঠকরাও এর বাইরে নন।