সেনাবাহিনী মোতায়েনের প্রজ্ঞাপন নিয়ে এখনও রহস্য
স্বরাষ্ট্র সচিব সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানালেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বুধবার পর্যন্ত কোন আদেশ জারী করা হয়নি।
কার নির্দেশে স্বরাষ্ট্র সচিব ওই প্রজ্ঞাপনটি জারী করেছেন, তা নিয়ে রহস্যের জটও এখন পর্যন্ত খোলেনি।
প্রজ্ঞাপন বাতিলের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারাও কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
একাধিক উপদেষ্টা বলেছেন, তারা প্রজ্ঞাপনটি বাতিল সংক্রান্ত কোন আদেশ জারীর খবর জানেন না। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা জানতে পারেন।
তবে অর্থ ও বাণিজ্য সচিব ড. আকবর আলী খান ওই প্রজ্ঞাপনের আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করে সাংবাদিকদের জানান, ওই প্রজ্ঞাপনটি একটি অকার্যকর প্রজ্ঞাপন। কারণ প্রচলিত আইনে প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেটরা সেনাবাহিনী মোতায়েন করতে পারেন। তাই প্রজ্ঞাপনটির কোন আইনগত ভিত্তি নেই। সেটি বাতিল করা বা না করায় তেমন কিছু যায় আসে না।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এসএম জহরুল ইসলাম সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনে ম্যাজিস্ট্রেটদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে একটি চিঠি বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠান। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে এবং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর থেকেই স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে এ ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে চিঠিটি পাঠিয়েছেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সচিবকে উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ বিতর্কের অবসানে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাংবাদিককে সময় দেননি। ফলে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্যও জানা সম্ভব হয়নি।
তবে বুধবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সচিব জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রজ্ঞাপনটি জারী করা হয়েছিল। পরে তা উপদেষ্টা কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।
তিনি এর বেশি কোন কথা বলতে অস্বীকার করে মোবাইল ফোনের সংযোগটি কেটে দেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এ বিষয়ে উপদেষ্টা কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে সচিবকে নির্দেশদাতা ও প্রজ্ঞাপন জারীর জন্য ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় প্রজ্ঞাপনটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কার নির্দেশে প্রজ্ঞাপনটি জারী করা হয়েছে বলে সচিব উপদেষ্টা কাউন্সিলকে অবহিত করেছেন, এমন প্রশ্ন করা হলে তিনি এর উত্তর দেননি।
