২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ নভেম্বর থেকে হজযাত্রী পরিবহনে বিমান প্রস্তুত

বাংলাদেশ বিমান আগামী ২৬ নভেম্বর থেকে নিজস্ব বিমান এবং ইজারায় নেওয়া এয়ারক্রাফট নিয়ে হজ যাত্রীদের পরিবহন করা শুরু করবে। এজন্য বিমানের পক্ষ থেকে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

হজ যাত্রীদের গমন সুন্দর ও নিরাপদ করতে স্থানীয় সরকার ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা আজিজুল হক বুধবার বিমান কার্যালয় ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএম মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, এবার বাংলাদেশ থেকে প্রায় ৪৮ হাজার ব্যালটি ও নন-ব্যালটি হজ যাত্রী সৌদি আরবে যাবেন। বাংলাদেশ বিমানের নিজস্ব একটি ও একটি ইজারা নেওয়া এয়ারক্রাফটসহ সৌদি এয়ারলাইন্স ও অন্য কয়েকটি এয়ারলাইন্সের মাধ্যমে এসব যাত্রীকে পাঠানো হবে। এজন্য এয়ারক্রাফট লিজ নেওয়ার বিষয়টি বিমান ইতোমধ্যেই সম্পন্ন করেছে।

এর মধ্যে বাংলাদেশ বিমান ২৯ হাজার ৮০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন ইজারা নেওয়া এয়ারক্রাফটে ১২ হাজার এবং সৌদি এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সের বিমানে সাত হাজার হজ যাত্রীকে পাঠানো হবে।

উপদেষ্টা আরও জানান, সাত হাজার যাত্রীকে সিডিউল বিমানে করেই সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাদের ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা বিমান বন্দরে সম্পন্ন হবে। জটিলতা এড়াতে অন্য ৪১ হাজার হজ যাত্রীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে হাজী ক্যাম্পেই।

নির্ধারিত সময়ে হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছাতে এবং জটিলতা এড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ইতোমধ্যে ৭১টি স্লট পাওয়া গেছে। আরো ২৯ স্লট পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজিজুল হক জানান, এ বছর হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া এক হাজার ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত হজ যাত্রীদের তত্ত্বাবধানের কাজ করবেন। এজন্য তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। প্রত্যেক বছরের মতো এবার মন্ত্রী বা উপদেষ্টাদের স্টাফদের ওপর এটা নির্ভর করা হবে না। এমন কোন বহরও সেখানে পাঠানো হবে না।

হজ যাত্রীদের সঙ্গে কমসংখ্যক যাত্রী বিমানবন্দরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে যাত্রীদেরই সুবিধা হবে। বেশিসংখ্যক দর্শণার্থী বিমানবন্দরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। ফলে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়।