‘সিইসি বা কমিশনারদের পদত্যাগের পরিকল্পনা নেই’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর তিন কমিশনারের পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। তাদের পদত্যাগ নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার একথা জানান।
সচিব বলেন, সিইসি এমএ আজিজসহ অপর তিন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুরের পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। কমিশনারদের সঙ্গে কথা বলে সচিব সাংবাদিকদের একথা জানান।
কমিশন সচিব আরও বলেন, জানুয়ারিতে যথাসময়েই নির্বাচন হবে। হালনাগাদ ভোটার তালিকা মুদ্রণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রস্তুতি চলছে।
এদিকে কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ে নাশকতার আশঙ্কা থেকে বুধবার সকালে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে কমিশন সচিবালয়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, দাঙ্গা পুলিশ ও মহিলা পুলিশ। কমিশনের প্রবেশ পথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও সাদা পোশাকের পুলিশ। সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ভিতরে ঢুকতে দেওয়া হয়।
ঢাকার পুলিশ কমিশনার বজলুর রহমান বুধবার সকাল ১০ টা থেকে পৌনে দুঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।
বৈঠক শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যান। তবে নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, যেকোনো সময় কমিশনে নাশকতামূলক কোনো অঘটন ঘটতে পারে, এ আশঙ্কা থেকেই সিইসি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। এক সপ্তাহ আগে কমিশন সচিবালয়ের গ্যারাজের পেছনে একটি ছোটখাট বোমা উদ্ধার হওয়ার পর কমিশনের এই আশঙ্কা আরও জোরদার হয়েছে। কমিশনের সচিবও বাড়তি নিরাপত্তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার কয়েকটি দৈনিকে ‘নির্বাচন কমিশনার ও সচিব তাঁদের দায়িত্ব পালনে আগ্রহী নয়’ বলে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে সচিব বলেন, প্রকাশিত ওই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে বলে কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এর লিখিত প্রতিবাদ করা হয়েছে।
প্রতিবাদ পত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সঠিক বা তথ্য নির্ভর নয় এমন কোন সংবাদ প্রকাশ করে যাতে বিভ্রান্তি সৃষ্টি করা না হয় সেজন্য এতে অনুরোধ জানানো হয়।
