অবরোধের চতুর্থ দিনে অচল রাজধানী
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির চতুর্থদিন বুধবার কোনও সংঘাত ও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ছাড়াই অতিবাহিত হয়েছে।
রাজধানীর কয়েকটি রাস্তায় সামান্য কিছু যানবাহন চলাচল করলেও ট্রেন, লঞ্চ এবং দূরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। কিছু বেবিট্যাক্সি চলাচল করলেও রাজপথে রিক্সাই ছিল যাতায়াতের প্রধান বাহন। গত তিনদিনের অব্যাহত আশঙ্কা, উদ্বেগ ও আতঙ্ক কিছুটা কেটে যাওয়ায় রাস্তায় অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষের আনাগোনা বেশি ছিল। এ কারণে স্তব্ধ রাজধানী কিছুটা প্রাণ ফিরে পায়।
অবরোধ সমর্থক ১৪ দলের নেতাকর্মীরা যথারীতি বঙ্গবন্ধূ এভিনিউ, নূর হোসেন স্কোয়ার, মুক্তাঙ্গন, রাসেল স্কোয়ার, সোবহানবাগ, মিরপুর ও যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে।
প্রতিদিনের মতো ট্রাকের ওপর মঞ্চ তৈরি করে ১৪ দলের নেতাকর্মীরা বক্তৃতা, গান ও স্লোগানের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১১ দফা দাবির পুনরায় তুলে ধরেন।
গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বঙ্গভবন থেকে জাহাঙ্গীর গেট ও মহাখালি হয়ে বিমান বন্দর পর্যন্ত ভিআইপি সড়কে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করায় ওই এলাকায় বুধবার সারা দিনে কোনও মিছিল ও সমাবেশ হয়নি।
অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচির প্রতিবাদে দু দিনব্যাপী পাল্টা মিছিল-সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাত্র একটি সমামেশ হয়।
তারা একইসাথে রাজধানীর ১৮ টি স্থানে কর্মসূচির ডাক দেয়। কর্মসূচির স্থানগুলো হচ্ছে: কোতোয়ালি থানার নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে, সূত্রাপুর থানার ধোলাইখাল মোড়, রমনা থানার সিদ্বেশ্বরীর বালুর হাট মাঠ, ডেমরা থানার শহীদ ফারুক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে, পল্টন থানার শান্তিনগর স্ট্যান্ডপয়েন্ট মার্কেটের সামনে, সবুজবাগ থানার মুগদাপাড়া কমিউনিটি সেন্টারের সামনে, মতিঝিল থানার ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে, খিলগাঁও থানার রামপুরা আল আমিন সুপার মার্কেটের সামনে, পল্লবী ৬ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের সামনে, ধানমন্ডি থানার নিউ মার্কেট ওভারব্রীজের নিচে, বাড্ডা থানার মধ্য বাড্ডা হোসেন মার্কেটের সামনে, তেজগাঁও থানার তেজগাঁও স্টেশন রোডে, লালবাগে নবাবগঞ্জ সেকশনে, শ্যামপুর থানার আলম মার্কেটের সামনে, কাফরুলে রোকেয়া সরণিতে, মোহাম্মদপুর থানার বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে এবং গুলশান থানার বনানী কাঁচাবাজার এলাকা।
একই সাথে উভয় জোটের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় সাধারণ জনগণের মধ্যে আশঙ্কা থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কয়েক হাজার সদস্য মোতায়েন করে রাজধানীকে কড়া নজরদারিতে রাখে।
তবে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, কল-কারখানার কার্যক্রম বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ লাঘব হয়নি মোটেই।
ব্যস্ততম সদরঘাট, কমলাপুর, মহাখালি, সায়েদাবাদ-যাত্রাবাড়ি ও গাবতলী টার্মিনাল ছিল পরিবহন ও জনশূন্য। সরকারি-বেসরকরি অফিস ছিল ফাঁকা।
