কোম্পানীগঞ্জে সরকারী অফিসে খালেদা জিয়ার ছবি
চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও জেলার কোম্পানীগঞ্জ থানার অনেক সরকারী অফিসে এখনও সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি টাঙ্গানো রয়েছে।
উপজেলা সমাজসেবা, পরিসংখ্যান, খাদ্য, প্রকল্প বাস্তবায়ন (পিআইও), আনছার-ভিডিপি, বনবিভাগসহ অনেক সরকারী কর্মকর্তার কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছবি ঝুলতে দেখা গেছে। বুধবার অফিস চলাকালীন সময়ে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনির হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রত্যেককে সরকারী আদেশ পালনে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারী কোন লিখিত নির্দেশ না পাওয়ায় ছবিগুলো এখনও নামানো হয়নি।
