সিইসির কাছে পণ্য বিক্রি না করার সিদ্ধান্তে ব্যবসায়ীরা অটল
প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এবং তার পরিবারের কাছে কোনো পণ্য সামগ্রী বিক্রি না করার সিদ্ধান্তে অবিচল রয়েছে ব্যবসায়ীরা।
‘এম এ আজিজের একগুঁয়ে ও বিতর্কিত ভূমিকার জন্যই আমরা আজ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি’, বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে একথা জানান ঢাকা মহানগরীর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
দেকান মালিক সমিতি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ পদত্যাগ না করা পর্যন্ত তার বা তার পরিবারের সদস্যদের কাছে কোনো ধরণের পণ্য বা অন্য সামগ্রী বিক্রি করা হবেনা।
বুধবার টেলিফোনে হেলালউদ্দিন আরো জানান, “এম এ আজিজের হাত থেকে জাতিকে রক্ষা করতে আগামী শুক্রবার জুমার নামাযের পর বিশেষ প্রার্থনার ব্যবস্থা করবেন তারা”।
হেলালউদ্দিন বলেন, “আমরা জানি, এম এ আজিজ বা তার পরিবারের কাছে পণ্যসামগ্রী বিক্রি করা বন্ধ করতে পারবো না। এ ধরনের সিদ্ধান্ত আসলে তার বিরুদ্ধে আমাদের একধরনের প্রতীকি প্রতিবাদ।”
