২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৪ দলের ওপর ছাত্রদল ও শিবিরের হামলা

অবরোধের চতুর্থ দিন বুধবার সকালে ১৪ দলকে সিলেটের দক্ষিণ সুরমায় হুমায়ুন রশীদ চত্বর ও রেলস্টেশন থেকে বিতাড়িত করে গোটা এলাকার দখল নিয়ে নেয় চারদলীয় জোট।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 03:15 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ সময় চারদলীয় জোটের অঙ্গ সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের সশস্ত্র কর্মী-সমর্থকরা ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আরও ১৫টি মোটর সাইকেল ভাংচুর করে। মোটর সাইকেলগুলো ১৪ দলের নেতাকর্মীদের ছিল। হামলায় ১৪ দলের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিভিন্ন সূত্রে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরে উত্তেজনা বিরাজ করছে।

অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন থেকে সিলেটে ১৪ দল হুমায়ূন রশীদ চত্বরে অবস্থান নেয়। প্রতিদিনের মতোই বুধবারও সেখানে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করে সমাবেশ ও গণসঙ্গীত অনুষ্ঠান চলছিল সকাল থেকেই। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১৪ দলের নেতাকর্মীরা হুমায়ূন রশীদ চত্বরে অবস্থান নেয়। একদল রেলস্টেশন থেকে ৩০০ গজ দূরে রেললাইনের ওপর অবরোধ সৃষ্টি করে। সাড়ে ১০টার দিকে বিরাট মোটর শোভাযাত্রা নিয়ে চারদলের একটি বিক্ষোভ মিছিল সিলেট নগরী থেকে দক্ষিণ সুরমায় প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারদলের কর্মীদের রড, লাঠি, হকিস্টিক প্রকাশ্যে বহন করতে দেখা গেছে। চারদলের মিছিল দেখে রেলস্টেশন থেকে মাত্র ৪০ জন যাত্রী নিয়ে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ছেড়ে যায়। চারদলের মিছিল হুমায়ুন রশীদ চত্বরের দিকে অগ্রসর হলে সেখানে অবস্থানকারী ১৪ দলের নেতাকর্মীরা ট্রাকে উঠে ওই স্থান ত্যাগ করেন। তখন ওই চত্বরের দখল নিয়ে নেয় চারদল। এ সময় তারা ‘দিবারাত্রি ফিলিং স্টেশনে’ রাখা ১৪ দলের নেতাকর্মীদের ১০টি মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দেয় এবং ভাংচুর করে আরও ১৫টি।

এসময় বিক্ষিপ্ত হামলায় ১৪ দলের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন। তবে এদের নাম জানা যায়নি।

এদিকে রেলস্টেশন ও হুমায়ুন রশীদ চত্বর থেকে অনেকটা বিতাড়িত হয়ে ১৪ দলের নেতাকর্মীরা সিলেট নগরীতে ট্রাকের বহর নিয়ে ঢোকে। দুপুর ১২টায় তারা ট্রাক মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।