রাজশাহীতে বিএনপি-আ. লীগ সংঘর্ষে আহত ২০
পুঠিয়ার শিবপুরে মঙ্গলবার রাতে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার দোমাদী গ্রামে একটি খাস পুকুরের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী রেজাউল করিমের সঙ্গে ছাত্রদল নেতা বাবুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু রেজাউল করিমকে মারধর করলে এই খবর স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। রাত ৯ টার দিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা শিবপুর মোড়ে অবস্থানরত বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালায় ও সাবেক সাংসদ নাদিম মোস্তফার কয়েকটি নামফলক ভেঙ্গে ফেলে। এসময় দুই দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ১০ টি দোকানও ভাংচুর করা হয়।
আহতদের মধ্যে বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জালালউদ্দিন, আওয়ামী লীগ কর্মী সাবাজসহ ১০ জনকে পুঠিয়া স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুঠিয়া থানার ওসি অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়েন। পুঠিয়া থানার ওসি এশতেসামুল হক ফাঁকা গুলি ছোঁড়ার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবপুর বাজারের গণ্যমান্য লোকজনকে ঘটনাটি স্থানীয়ভাবে নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওসি জানান।
