২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীর সঙ্গে কথা বলুন: রাষ্ট্রপতির প্রতি মঞ্জু

দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধানের জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান দুই দলের নেত্রীর সঙ্গে আলোচনা করা উচিত বলে মনে করেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 01:21 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অপসারণের জন্য সাংবিধানিক ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জু এসব প্রস্তাব দেন। এসময় তিনি ছয় সদস্যের জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন।

বৈঠকের পর মঞ্জু সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান এমনভাবে করতে হবে যাতে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। সংকটপূর্ণ এ পরিস্থিতিতে এমন কিছু করা ঠিক হবে না যাতে মনে হয় এক দল জিতেছে এবং অন্য দল হেরেছে।

এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, “প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে সাংবিধানিক উপায়েই করতে হবে। তিনি চলে গেলেই যে নির্বাচন সুষ্ঠু হবে আর না গেলে হবে না-বিষয়টি এমন নয়।”

এক ঘন্টাব্যাপী এ বৈঠকে ছয় সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কামরুন্নাহার জাফর, সাদেক সিদ্দিকী, আব্দুর রহিম ও মফিজুল হক লেবু। উপদেষ্টাদের মধ্যে ড. আকবর আলী খান, এস এম শফি সামি, মাহবুবুল আলম ও ইয়াসমীন মুর্শেদ উপস্থিত ছিলেন।