সমস্যা নিরসনে হাসিনাকে ব্যবসায়ীদের তাগিদ
দ্রুত রাজনৈতিক সমস্যা নিরসনের জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী মহল।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টিজের (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাত ৯টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ধানমন্ডির বাসভবন সুধাসদনে দেখা করে তাঁকে এই অনুরোধ জানান।
প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, “গত তিন দিনের অবরোধে সারা দেশে অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। অর্থনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য অবরোধ শিথিল, বিশেষ করে বন্দর ও গার্মেন্টস শিল্পের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাঁর কাছে অনুরোধ করেছি ।”
তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছি।”
নাসির বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালনের জন্য হাসিনাকে সাধুবাদ দিয়েছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।
নাসির বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী আমাদের বলেছেন যে আগামীকাল অবরোধ চলাকালে উস্কানি না দেওয়া হলে তিনি কিছু ব্যাপারে অবরোধ শিথিল করার বিষয়টি বিবেচনা করে দেখবেন।”
এদিকে বৈঠক সূত্র জানায়, হাসিনা ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেছেন যে সারা দেশের সকল শ্রেনীর মানুষ যেমন আজিজের ব্যাপারে অবস্থান নিয়েছেন, তেমনি ব্যবসায়ীদেরও তাঁর ব্যাপারে অবস্থান পরিস্কার করা উচিত।”
এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহী বলেন, “আমরা ব্যক্তিগতভাবে আমাদের অবস্থান প্রকাশ করতে পারি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা সবার সঙ্গে আলোচনা না করে মন্তব্য করতে পারি না।”
তবে নাম প্রকাশে অনিচ্চুক এফবিসিসিআই-এর সাবেক ও বর্তমান দুজন পরিচালক বৈঠক শেষে জানান, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে।
ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টিজ (ডিসিসিআই) সভাপতি এমএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি যে উপদেষ্টাদের কাছে আমাদের আরো প্রত্যাশা ছিল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেভেল অব গ্রাউন্ড সমান হওয়া উচিত।”
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রধান নির্বাচন কমিশনারের ব্যাপারে মন্তব্য করেছি, কিন্তু আলোচনা ছাড়া প্রাতিষ্ঠানিকভাবে মন্তব্য করা সম্ভব নয়।”
ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, মাহাবুবুর রহমান, এফবিসিসিআই পরিচালক আফতাবুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি আব্দুল আওয়াল, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক ও সাবেক সভাপতি আনিসুল হক ও একে আজাদ।
আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তোফায়েল আহমেদ ও শেখ হেলালসহ অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
