২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল মঙ্গলবার সেনা মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আব্দুল জলিল বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এবং উপদেষ্টারা এ প্রজ্ঞাপন জারির সাথে তারা কোনভাবেই জড়িত ছিলেন না। স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করে তা প্রচার করেছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সশস্ত্র বাহিনীকে নিয়ে এ ধরণের চক্রান্তের চেষ্টার অভিযোগে স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ দাবি করেন।

জলিল বলেন, সশস্ত্র বাহিনীকে নিয়ে কি খেলা হয়েছে আজ সেটা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট পাল্টা কর্মসূচি দিয়ে ১৪ দলের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছিলো। কিন্তু মঙ্গলবারের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

তিনি ১৪ দলের নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

জলিল বলেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে তার তথ্য উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি সংবিধান অনুসারে কেবল অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দশ উপদেষ্টাকেই নিয়োগ দিতে পারেন। কিন্তু সংবিধানে তথ্য উপদেষ্টা নিয়োগের কোন বিধান নেই। এ নিয়োগ অসাংবিধানিক এবং এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার শপথ ভঙ্গ করেছেন।

বঙ্গভবনে সোমবার এক বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, সরকার ইতিমধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করেছে।

তিনি বলেন, এর কোন প্রয়োজন ছিল না।