রাজপথে আন্দোলন নিয়ে দুই উপদেষ্টার ভিন্নমত
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কার ও বিভিন্ন দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের রাজপথের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্যেই ভিন্নমত পাওয়া গেছে।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ নিরপেক্ষ সরকারের আমলে এ ধরনের রাজনৈতিক কর্মসূচিকে ‘গণতান্ত্রিক নয়’ বলে মনে করলেও অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, এটি একটি ‘গণতান্ত্রিক কর্মসূচি’।
সচিবালয়ে মঙ্গলবার দুপুরে নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই উপদেষ্টা আন্দোলন ও বিক্ষোভের কর্মসূচি সম্পর্কে এরকম মন্তব্য করেন।
এর আগে চার উপদেষ্টা বঙ্গভবনে গিয়ে দেশের বিরাজমান সংকট সমাধানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হওয়া সংলাপের প্রথম দিনের সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকারী চার উপদেষ্টা হলেন-অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলি খান, কৃষি উপদেষ্টা সিএম শফি সামি, তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ।
ইয়াসমিন মুর্শেদ সাংবাদিকদের বলেন, রাজপথের এ আন্দোলনের কর্মসূচিকে তিনি গণতান্ত্রিক মনে করেন না।
তাঁর মতে, দেশের বর্তমানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। সরকার দেশের মানুষকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকার বিরাজমান সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।
এ অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ইয়াসমীন বলেন, “এ অবস্থায় রাজপথের আন্দোলন (স্ট্রিট এজিটেশন) কি কোন রাজনৈতিক দলের সুস্থ অংশ গণতান্ত্রিক মনে করতে পারে?”
অন্যদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, চলমান কর্মসূচি দেশের রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারের অংশ। এ কর্মসূচিতে বাধার সৃষ্টি করা সমীচিন হবে না। তারা রাজপথে তাদের আন্দোলন করতেই পারেন। তবে অবশ্যই সাধারণ মানুষের দুর্ভোগ ও কষ্ট বাড়িয়ে নয়। এ বিষয়টিও তাদের দেখতে হবে।
তিনিও বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকার চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে সকল পক্ষেরই ইতিবাচক সাড়া দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট দীর্ঘদিন ধরেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজসহ অন্য নির্বাচন কমিশনারদের ব্যাপারে আপত্তি জানিয়ে তাদের অপসারণ ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। এ অবস্থায় কোন শান্তিপূর্ণ সমঝোতা ছাড়াই চারদলীয় জোট সরকার ২৯ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করে।
